দক্ষিণ সুদানের বিদ্রোহীরা গতকাল বৃহস্পতিবার বোর শহর দখল করে নিয়েছে। নতুন নতুন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ায় জাতিসংঘ বলেছে, দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ সুদানে গত রোববার শুরু হওয়া সহিংসতায় কয়েক শ লোক নিহত হয়েছে। জাতিসংঘের শিবিরের আশ্রয় নিতে হাজার হাজার লোক বাড়িঘর ছেড়েছে। দক্ষিণ সুদানের রেডক্রস সহিংসতায় নতুন করে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর দিয়েছে। বিবদমান সেনাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানী জুবার বাইরেও ছড়িয়ে পড়েছে। এর আগে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চলীয় জংলেই প্রদেশের রাজধানী বোরেও লড়াই শুরু হয়েছে। অন্যান্য প্রদেশেও উত্তেজনা চলছে।
দক্ষিণ সুদানের সরকারি বাহিনীর ফিলিপ আগুয়ার বলেন, ‘আমাদের বাহিনী সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বাহিনীর কাছে বোর শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে।’ এএফপি ও বিবিসি।