ফ্রান্সে জনসমাগমপূর্ণ স্থানে মুসলিম নারীদের পূর্ণ-মুখাবরণ বা পুরো মুখঢাকা বোরকা পরার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপকারী একটি আইনের খসড়া অনুমোদন করেছে সে দেশের মন্ত্রিসভা। গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। সেটি অনুমোদনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, বোরকার ব্যাপারে এই নিষেধাজ্ঞা আরোপে মুসলমানদের মর্মাহত হওয়া উচিত নয়। আইনটি অনুমোদনের জন্য জুলাই মাসে ফ্রান্সের আইনসভায় তোলা হবে।প্রেসিডেন্টের কার্যালয় সারকোজিকে উদ্ধৃত করে বলেছে, ‘কঠিন জেনেও এ ব্যাপারে এই পথটিই বেছে নিয়েছে সরকার। এই আইনটি নিয়ে মুসলমানদের মর্মাহত হওয়া উচিত নয়। প্রজাতন্ত্রে তাদের স্থান ঠিক আছে এবং তাদের সম্মানিত বোধ করা উচিত।’আইনটি কার্যকর করা হলে ফ্রান্সে কেউ সম্পূর্ণ মুখঢাকা পোশাক পরতে পারবেন না। যাঁরা আইনটি মানবেন না, তাঁদের ১৫০ ইউরো জরিমানা করা হবে। আর কেউ জোর করে, হুমকি দিয়ে বা সহিংসতার মাধ্যমে কাউকে সম্পূর্ণ মুখঢাকা পোশাক পরতে বাধ্য করলে, ওই ব্যক্তিকে এক বছর কারাদণ্ড ও ১৫ হাজার ইউরো জরিমানা করা হবে। এএফপি।