বোরিং ও ডাল শহরের জুটি
যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের ছোট্ট শহর ‘বোরিং’ (একঘেয়ে)। আর স্কটল্যান্ডের পার্থশায়ারের নিভৃত এক গ্রাম ‘ডাল’ (ম্যাড়মেড়ে)।দেশ-মহাদেশের পার্থক্য ঘুচিয়ে বোরিং ও ডাল এখন থেকে ‘জোড়া’ বা ‘জুটি’ হিসেবে বিবেচিত হবে। যাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের দাবি, মূলত বাড়তি পর্যটক টানার কৌশল হিসেবে এটি ঘটানো হয়েছে। দুটি এলাকা যুগলবন্দী হওয়ার অদ্ভুত এ প্রস্তাব প্রথম এসেছে ডালের বাসিন্দাদের কাছ থেকে। ডাল উইমেনস বুক ক্লাব এ-সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের বোরিং শহর কর্তৃপক্ষের কাছে উত্থাপন করে। এরপর প্রস্তাবটি ভোটাভুটিতে গড়ায়। শেষ পর্যন্ত বোরিং কমিউনিটি প্ল্যানিং কাউন্সিল প্রস্তাবটির পক্ষে রায় দেয়।জোড়া হওয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হলেও ডাল বা বোরিং কেউ কারও সঙ্গে একীভূত হয়ে যায়নি। শুধু অভিন্ন কিছু বিষয়ে দুই মহাদেশের দুই জায়গার মানুষ একই সুরে বাঁধা পড়েছে।দুটি ভিন্ন জনপদের ‘মিলন’ উপলক্ষে ২২ জুন বিশেষ উৎসবের (স্ট্রিট পার্টি) আয়োজন করা হয়েছে। এ ছাড়া নতুন করে দুটি এলাকারই সড়ক নিশানা (রোড সাইন) চিহ্নিত করা হবে।বোরিং শহরের কমিউনিটি কাউন্সিলের সভাপতি মারজোরি কেড্ডি বলেন, ‘এমনভাবে উৎসব পালন করা হবে, যা দেখে মনে হবে আমরা না বোরিং, না ডাল!’ তিনি বলেন, ‘নতুন সড়ক নিশানা নিয়ে আমরা দারুণ উত্তেজিত। এটি ভিন্ন কিছু হবে। যেমন: সড়কে লেখা হবে “ডাল, বোরিংয়ের সহযোগিতায়” অথবা “বোরিংয়ের সঙ্গে সম্পৃক্ত, ডাল”।’একজন সৈনিকের নামানুসারে বোরিং শহরটির নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলাকালে তিনি ইউনিয়ন সৈনিক ছিলেন। নাম উইলিয়াম এইচ বোরিং।আর ডাল নামকরণ হয়েছে খুব সম্ভবত গেইলিক শব্দ ‘মেডৌ’ (তৃণভূমি) থেকে। তবে কারও কারও মত হচ্ছে, শব্দটি এসেছে গেইলিক শব্দ ‘ডুল’ থেকে। এর অর্থ প্রলোভন বা ফাঁদ। বোরিংয়ের জনসংখ্যা মাত্র ১২ হাজার। অন্যদিকে ছোট্ট গ্রাম ডালের জনসংখ্যা কত হবে, তা সহজেই অনুমেয়। বিবিসি।