বোলপুরে অনুব্রতকে নিয়ে কুখ্যাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন বোলপুরের নাম এলেই শান্তিনিকেতনের দুই বিখ্যাত মানুষ হিসেবে লোকে জানত রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনকে। ইদানীং বোলপুরের নাম এলে লোকজনের চোখে ভাসছে অন্য আরেকজনের ছবি। তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল, বোলপুরের নিচুপট্টির বাসিন্দা এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি।
অনুব্রতের এতটাই দাপট যে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বোলপুর মহকুমার বেশির ভাগ জায়গাতেই বিরোধী সিপিএম কোনো প্রার্থী দিতে সাহস করেনি। এমনকি তৃণমূলেরই এক সদস্য সাগর ঘোষ দলের মনোনয়ন না পেয়ে অনুব্রতের কথা অগ্রাহ্য করে নির্দল হিসেবে লড়তে চেয়ে প্রাণ দিয়ে তার মূল্য চুকিয়েছেন।
আগেই অনুব্রত শাসিয়েছিলেন, বিরোধীরা লড়তে গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এমনকি পুলিশ বাধা দিলে তাদেরও হাত-পা কেটে নেওয়া হবে। সেই মামলার বিচার করতে বসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তুলেছিলেন, তাঁকে এসব কাজের জন্য গ্রেপ্তার করা হচ্ছে না কেন? তিনি কি মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য বলে?
অনুব্রত এখনো গ্রেপ্তার হননি। কারণ, তড়িঘড়ি হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী কয়েক সপ্তাহ তাঁকে ধরা যাবে না (অর্থাৎ, বীরভূমে ভোট শেষ না হওয়া পর্যন্ত) এবং ওই সংক্রান্ত মামলাও তিনি সরিয়ে এনেছেন নিজের এজলাসে।
ফলে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত। আর বিরোধীরা ভয়ে আরও সন্ত্রস্ত হচ্ছেন। বীরভূমের দুটি লোকসভা আসন বোলপুর ও বীরভূম। এই বোলপুর থেকে দীর্ঘদিন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় নির্বাচিত হয়েছেন। গতবারও সিপিএম এই আসন জিতেছিল। আর বীরভূম আসনটি গতবারই দীর্ঘদিন পরে তাদের হাতছাড়া হয়, তৃণমূলের প্রার্থী ও চিত্রাভিনেত্রী শতাব্দী রায় জেতেন।
এবার কী হবে জানতে চাইলে সিপিএমের জেলাস্তরের নেতা গৌতম ঘোষ বলেন, ‘ভোট অবাধ হলে তো আমরা দুটি আসনেই জিতব।’ কিন্তু তা হতে দেবে কি?’
শান্তিনিকেতনে বসে বিশ্বভারতীর অধ্যাপক বিজয় মুখোপাধ্যায় বলেন, গতবারের তুলনায় তো সিপিএম এখন অনেকটাই সংঘবদ্ধ। কিন্তু গ্রামের মানুষ ভোট দিতে সাহস করে বেরোতে পারবেন কি?
বোলপুরের কাছেই বেশ কয়েকটি গ্রামে সাঁওতালদের বাস। স্কুলশিক্ষক হারাধন সোরেন জানান, সাঁওতালরা ভয়ে রয়েছে। তৃণমূল হুমকি দিয়েছে, ওদের শুধু ভোট দিলেই হবে না, ওদের মিছিলে ও নির্বাচনী জনসভায় যেতে হবে, নইলে ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ দেবে না, ভাতে মারবে।
তৃণমূলের শাসানি যে নেহাত ফাঁকা আওয়াজ নয়, সিপিএমের সক্রিয় কর্মী শেখ হীরালালকে টাঙ্গি দিয়ে কুপিয়ে হত্যা করে শাসকদল প্রমাণ করেছে। তিন দিন আগে বোলপুরের অদূরে হীরালাল খুন হন। গোড়ায় পুলিশ তৃণমূলের গ্রেপ্তারকৃত কর্মীদের বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যা’ মামলা দিয়েছিল। কিন্তু প্রবল প্রতিবাদের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই তা বদলে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
অনুব্রত প্রকাশ্যেই ওই খুনিদের সমর্থনে দাঁড়িয়ে সিপিএমের বিষোদগার করছেন। তাঁর এ ভূমিকা যে শাসক দলের অন্যদেরও অনুপ্রাণিত করছে, তার প্রমাণ লাভপুরের তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম। তাঁর এলাকায় কিছুদিন আগে তিন ভাই (সিপিএম সমর্থক) খুন হন। সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে মনিরুল দাবি করেন, ওই তিনজনকে তিনিই খুন করিয়েছেন। এর কয়েক দিন পর তিনি বলেন, কংগ্রেস, সিপিএম ও বিজেপি এই তিন দলের সমর্থকেরা যাতে তাঁর এলাকায় একটাও ভোট না দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
হাইকোর্টের বিচারপতি যখন অনুব্রতকে কেন ধরা হচ্ছে না প্রশ্ন তুলে রাজ্য পুলিশের প্রধান ও সরকারকে কোণঠাসা করছিলেন, তখন বীরভূমে অনুব্রতের অনুগামীরা বেশ মুষড়ে পড়েছিল। কিন্তু তাঁর ভয়ে নিজের নাম জানাতে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ সহযোগী স্বীকার করলেন, দলীয় কার্যালয়ে, হাটেবাজারে তখন একটাই কথা, দাদা যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে কী হবে? এখন আশঙ্কাটা একটু কমলেও ভিতরে চোরাস্রোত রয়েছে। কারণ, মামলা এখন সুপ্রিম কোর্টে।
সিপিএম, কংগ্রেস, বিজেপি একবাক্যে সবাই স্বীকার করছে, অনুব্রতকে যদি সুপ্রিম কোর্টের চাপে শেষ পর্যন্ত ভোটের দুদিন আগেও গ্রেপ্তার করা হয়, তাহলে গোটা ভোটচিত্রটাই পালটে যাবে। এমনিতেই এবার বিজেপির প্রার্থী ও অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বীরভূম আসনে প্রচারে ব্যাপক সাড়া ফেলেছেন। দুবরাজপুর, সাঁইথিয়া এলাকায় বিজেপির কিছু প্রভাবও রয়েছে। আর সিপিএমের প্রভাবও যথেষ্ট।
অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত জেলা তৃণমূলের শতাব্দী আর অনুব্রতের মুখ দেখাদেখি নেই। বীরভূমে অন্ততরাজনগরের স্কুলশিক্ষক তপন রায় বলেন, ভোট ঠিকমতো হলে শতাব্দী রায়ের সমস্যা বাড়বে।
বীরভূমের মতোই দক্ষিণবঙ্গের বহু জেলাতেই শাসক দলের সন্ত্রাসের অভিযোগ এখন বিরোধীদের মুখে মুখে। গতকালই নির্বাচন কমিশনের কাছে সোমনাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মূণাল সেনসহ ৩০ জন শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এক চিঠি পাঠিয়ে এই সার্বিক সন্ত্রাসের কথা বলে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করতে অনুরোধ করেছেন। কমিশন কতটা ব্যবস্থা নেবে এখনই বলা কঠিন। কিন্তু ব্যবস্থা না নিলে সন্ত্রাসের পরিমণ্ডলের মধ্যেই পশ্চিমবঙ্গের বহু জেলায় ভোট হয়ে যাবে।