যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতায় গত সোমবার পরপর দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। তাদের অনেকের অবস্থা গুরুতর বলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ বিস্ফোরণকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে ধরে নিয়ে তদন্ত’ শুরু করেছে। কয়েকটি অঙ্গরাজ্যে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। বিশ্বনেতারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। বোস্টনের স্থানীয় সময় সোমবার বেলা দুইটা ৫০ মিনিটে বয়েলস্টন স্ট্রিটের উত্তর পাশে ম্যারাথন প্রতিযোগিতার ট্র্যাকের ফিনিশিং লাইনের অদূরে প্রথম বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর ১০০ গজের মধ্যে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিভিন্ন টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা যায়, অনেকে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। ম্যারাথন উপলক্ষে ট্র্যাকের পাশে তৈরি করা সাময়িক বেড়া ভেঙে তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বিস্ফোরণে আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়। সংশ্লিষ্ট ট্র্যাকে প্রতিযোগিতা শেষ হওয়ার দুই ঘণ্টা পর এই বিস্ফোরণ ঘটে।প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা রৌপেন বাস্তাজিয়ান জানান, তিনি উদ্ধার তৎপরতা চালানোর সময় ২৫ থেকে ৩০ ব্যক্তিকে দেখেছেন, যাদের কারও কারও দুটি পা, কারও একটি পা, কারও বা গোড়ালির নিচ থেকে উড়ে গেছে। মেডিকেলের স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরণে অন্তত ১৪০ জন আহত হয়। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনার পরপর সংবাদ সম্মেলনে বোস্টন পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড ডেভিস বলেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে কোনো সংস্থার কাছ থেকেই তিনি আগাম কোনো তথ্য পাননি। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় বাসিন্দাদের সাময়িকভাবে ঘরের বাইরে না যাওয়ার পরমর্শ দিয়েছেন।কেউ কেউ বলছেন, বোস্টনে বিস্ফোরণ ২০০১ সালের নাইন-ইলেভেনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার আতঙ্ক ফিরিয়ে এনেছে। ওই হামলায় অন্তত তিন হাজার মানুষ নিহত হয়। অনেকে নাইন-ইলেভেনের পর বোস্টন বিস্ফোরণকে যুক্তরাষ্ট্রের মাটিতে বড় হামলা বলে মনে করছেন।বিস্ফোরণের ঘটনায় এফবিআইয়ের তদারকিতে তদন্ত শুরু হয়েছে। এফবিআইয়ের বিশেষ প্রতিনিধি রিচার্ড ডেসলাওরিয়ার্স জানান, নগর, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তদন্তকাজ চলছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।বোস্টনে বিস্ফোরণের পর টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনোভাবেই পার পাবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বোস্টনের বিস্ফোরণকে ‘বর্বরোচিত হামলা’ বলে আখ্যা দিয়েছেন। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কোনো অজুহাতই খেলাধুলার মতো আয়োজনে এ ধরনের হামলা বরদাশত করা যায় না।বোস্টনে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ম্যারাথনে প্রায় ২৭ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা দেখতে সেখানে জড়ো হয়েছে হাজারো মানুষ। বিবিসি ও এএফপি।