যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় আটক সন্দেহভাজন জোখার সারনায়েভ তদন্ত কর্মকর্তাদের বলেছেন, ওই হামলায় তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভ নেতৃত্ব দিয়েছেন। গত সোমবার চেচেন বংশোদ্ভূত জোখারের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী ৩০ মে আদালতে তাঁর বিচারের প্রথম শুনানি হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে চিকিৎসাধীন জোখারের বিরুদ্ধে বোস্টন ম্যারাথনে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র এবং প্রাণঘাতী বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে। বোস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন জোখার (১৯) তদন্ত কর্মকর্তাদের বলেছেন, তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভ ওই হামলার নেতৃত্ব দেন। এ ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের হাত নেই।জোখার বলেন, ইসলামকে রক্ষার জন্য তামেরলান (২৬) ওই হামলা চালান। গত শুক্রবার ভোরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় তিনি গুলিতে নিহত হন।এর আগে একাধিক সূত্র জানায়, গলায় গুলিবিদ্ধ জোখার কথা বলতে পারছেন না। তবে তিনি লিখিতভাবে তদন্ত কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন।১৫ এপ্রিল বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই হামলায় তিনজন নিহত এবং ১৮০ জনের বেশি আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বালক ও দুই নারী রয়েছেন।বোস্টন হামলার এক সপ্তাহ পূর্ণ হওয়ায় হতাহত মানুষের স্মরণে সোমবার যুক্তরাষ্ট্রে কিছু সময়ের জন্য নীরবতা পালন করা হয়। এদিনই জোখারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সোমবার আদালতে একটি হলফনামা দিয়েছে। হলফনামা অনুযায়ী, বোস্টনে জোড়া হামলার একটি ভিডিওফুটেজে দেখা গেছে, প্রথম বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন জোখার। পরে ফুটেজে তাঁকে দ্বিতীয় বোমা স্থাপন করতে দেখা যায়।মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ‘আমরা আবারও দেখিয়েছি, নিষ্পাপ মার্কিনদের হামলার লক্ষ্যবস্তু করা এবং আমাদের শহরগুলোতে সন্ত্রাসবাদের ভীতি সৃষ্টি করে কেউ বিচারের হাত থেকে পার পাবে না।’হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, সারনায়েভকে ‘রাষ্ট্রীয় শত্রু’ বিবেচনার সম্ভাবনা বাদ দেওয়া যায় না। তিনি বলেন, ‘আমরা এই সন্ত্রাসীর (জোখার) বিচার বেসামরিক বিচার আদালতেই করব।’ এএফপি।