বোস্টনের রহস্যময় দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোস্টনের সন্দেহভাজন হামলাকারী জোখার সারনায়েভ ও তাঁর বড় ভাই তামেরলান সারনায়েভকে ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে নানা গুঞ্জন। তাঁরা কারা? তাঁরা কেন এই হামলা চালাতে গেলেন? তাঁদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর আঁতাত আছে?—এমন সব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। এফবিআই বলেছে, একটি বিদেশি সরকারের অনুরোধে ২০১১ সালে তাদের এজেন্ট তামেরলানকে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময় তাঁর বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। এ কারণে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়।চেচেন বংশোদ্ভূত এই সারনায়েভ ভাইদের সম্পর্কে ইন্টারনেটে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বলছে, তামেরলান ইসলামি চরমপন্থার প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি গত পাঁচ মাস আগে ইউটিউব ওয়েবসাইটে ‘টেররিস্টস’ নামে একটি চ্যানেল তৈরি করেন বলে ধারণা করা হয়। এতে দাগেস্তানের বিদ্রোহী নেতা আমির আবু দুজহানের জিহাদি আহ্বান-সংবলিত বিভিন্ন ভিডিওচিত্র প্রকাশিত হয়। আরেকটি ভিডিওচিত্রে ১৯৯০-এর দশকের চেচেন প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে আলোচিত শিল্পী তিমুর মুতসুরায়েভকে ‘আমরা জিহাদে জীবন উৎসর্গ করব’ গাইতে দেখা যায়। জোখারের ফেসবুক অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি চেচনিয়ার নিকটবর্তী রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত অংশ দাগেস্তানে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত পড়াশোনা করেন। রাশিয়ার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ভকোনতাক্তের অ্যাকাউন্ট অনুযায়ী যুদ্ধবিগ্রহ ও সন্ত্রাসবাদের সঙ্গে জোখারের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। চেচনিয়ার স্বাধীনতার পক্ষে অবস্থান স্পষ্ট হলেও ধর্মীয় ও জাতীয়তাবাদী আন্দোলনে তাঁর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। তবে সিরিয়াসহ অন্যান্য দেশের বিদ্রোহীদের প্রতি তাঁর সমর্থন রয়েছে। রাশিয়ার ককেশাস অঞ্চল ছেড়ে জোখার কবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন, তা স্পষ্ট নয়। এক আত্মীয় জানান, সারনায়েভ পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিরগিজস্তানে কিছুদিন অবস্থান করেছিল। সহপাঠী সূত্র জানায়, জোখার কেমব্রিজ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন। কুস্তিতে (রেসলিং) পারদর্শিতার জন্য তিনি ২০১১ সালে আড়াই হাজার মার্কিন ডলারের কেমব্রিজ বৃত্তি অর্জন করেন। জোখার ও তামেরলানের বাবা দাগেস্তানের রাজধানী মাখাশকালার বাসিন্দা আনজর সারনায়েভ বলেন, তাঁর ছেলে জোখার একজন সত্যিকারের নিষ্পাপ মানুষ। টাইম সাময়িকী।