বোয়িং ড্রিমলাইনারের প্রথম বাণিজ্যিক যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়িংয়ের স্বপ্নের উড়োজাহাজ ৭৮৭ ড্রিমলাইনার অবশেষে গতকাল বুধবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। ড্রিমলাইনার বিশ্বের প্রথম যৌগিক উপাদান দিয়ে তৈরি বিমান। এর অন্যতম মূল বৈশিষ্ট্য কম জ্বালানি খরচ। প্রথম বাণিজ্যিক যাত্রায় ড্রিমলাইনার গতকাল টোকিওর নারিতা বিমানবন্দর থেকে হংকং যায়। অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এ ফ্লাইটটি তার প্রথম যাত্রায় ২৫২ জন যাত্রী বহন করে। এর মধ্যে ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী, উড়োজাহাজ ব্যবসায় যুক্ত লোকজন ও সাংবাদিক। বোয়িং ড্রিমলাইনার আজ থেকে তিন বছর আগেই আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বোয়িং কর্তৃপক্ষ গত ২৮ সেপ্টেম্বর প্রথম বিমানটি হস্তান্তর করে। বিলম্বের কারণে অনেক অর্ডার বাতিল হওয়ায় বোয়িংয়ের বহু আর্থিক ক্ষতি হয়েছে।৩৩০ আসনের ড্রিমলাইনার বিশ্বের প্রথম দূরপাল্লার উড্ডয়নক্ষম মাঝারি আকৃতির উড়োজাহাজ। এর কাঠামোর ৫০ ভাগ কার্বন ফাইবার, ২০ ভাগ অ্যালুমিনিয়াম, ১৫ ভাগ টাইটানিয়াম, ১০ ভাগ ইস্পাত ও বাকি ৫ ভাগ অন্যান্য উপাদান দিয়ে তৈরি। বোয়িং বলেছে এর অপেক্ষাকৃত বড় জানালা এবং কেবিনের তুলনামূলক বেশি আর্দ্রতা যাত্রীদের ক্লান্তি কমাতে সাহায্য করবে। এএফপি।