মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি ‘সহানুভূতি’ দেখানোর জন্য বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় রাখাইন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সু চি এ আহ্বান জানান। গত রোববার মিয়ানমারের বৌদ্ধ অধ্যুষিত রাখাইন রাজ্যে ১০ মুসলমানকে হত্যা করা হয়। তিনজন মুসলমান স্থানীয় এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে বৌদ্ধরা তাঁদের হত্যা করে। বিশ্লেষকদের ধারণা, মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা মিয়ানমারে সংস্কারের পদক্ষেপকে হুমকির মধ্যে ফেলতে পারে। গত বছর বেশকিছু নাটকীয় রাজনৈতিক সংস্কার হওয়ার পর দেশটির প্রায় অর্ধশতাব্দীর সামরিক শাসনের অবসান ঘটেছে। ইয়াঙ্গুনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সু চি মুসলিমবিরোধী উত্তেজনা দমনে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথম দিকেই ঘটনাটা যদি দ্রুততার সঙ্গে যথাযথভাবে মোকাবিলা করা যেত, তাহলে ঘটনা এতদূর গড়াত না।’রাখাইন রাজ্যের দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে সু চি বলেন, ‘ক্ষোভের বশবর্তী হয়ে কিছু করবেন না।’ একই সঙ্গে তিনি সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকদের প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান। রোববার রাখাইন রাজ্যে শত শত উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ১০ মুসলমানকে হত্যা করে। নারী হত্যাকারী তিন ব্যক্তি বাসটিতে রয়েছেন—এমন ধারণার বশবর্তী হয়ে হামলাটি চালানো হয়।তবে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, সন্দেহভাজন ওই তিন বাঙালি মুসলিম নিরাপত্তা হেফাজতে রয়েছেন। এএফপি।