ব্যক্তিগত চিকিৎসক দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারেকে (৫৮) দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মাইকেল জ্যাকসনকে ঘুমের ওষুধ হিসেবে শক্তিশালী চেতনানাশক (অ্যানেসথেটিস্ট প্রপোফল) ওষুধ দিয়ে তিনি রোগীর প্রতি চরম অবহেলা করেছেন, যা ফৌজদারি অপরাধের শামিল। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই রায় দেন। এই অপরাধে কনরাডের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে বাতিল হয়ে যাবে তাঁর চিকিৎসার সনদ। কনরাডের এই বিচার চলেছে গত ছয় সপ্তাহ। ১২ সদস্যের জুরি বোর্ডের সামনে ৩০০ তথ্যপ্রমাণ হাজির করা হয়। সাক্ষ্য দেন ৪৯ জন। শুনানি চলাকালে বাদীর কৌঁসুলিরা বলেন, কনরাড তাঁর কক্ষ থেকে চলে যাওয়ার পরই জ্যাকসন প্রাণঘাতী চেতনানাশক ওষুধ নেন। এই ওষুধ জ্যাকসনের হাতে তুলে দিয়েছিলেন কনরাডই। তিনি কক্ষ ছেড়ে চলে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে জ্যাকসন মারা যান। কনরাডকে ইতিমধ্যে কারা হেফাজতে নেওয়া হয়েছে। রায় শোনার পর জ্যাকসন পরিবারের সদস্যরা আদালত কক্ষে নিঃশব্দে কাঁদতে থাকেন। রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন জ্যাকসনের মা, বাবা, বোন ও পরিবারের অন্য সদস্যরা।পরে সাংবাদিকদের জ্যাকসনের বোন লা টয়া বলেন, ‘মাইকেলের আত্মা আমাদের সঙ্গেই আছে। মাইকেল ওপর থেকে বসে সব দেখছে।’ রয়টার্স।