ব্যথা পায় না জেবসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো খুব জোরে আঘাত পেলেও ব্যথা লাগে না? উত্তর একটাই—স্বপ্ন দেখার সময়। সেই দুঃস্বপ্ন বাস্তব হয়ে উঠেছে তিন বছরের শিশু অলিভার জেবসনের জীবনে। পড়ে গেলে বা শরীরের কোথাও কেটে গেলে ব্যথা পায় না ও। ঠোঁট কেটে দুই ভাগ হয়ে যাক, টের পাবে না। এতে চট করে মনে হতে পারে, আঘাত পেলে ব্যথা অনুভব না করা তো ভালো। এতে কষ্ট হবে না। কিন্তু এটি তো স্বাভাবিক কিছু নয়। বরং এই অস্বাভাবিক ঘটনায় করুণ পরিণতি হতে পারে ছোট্ট জেবসনের। ধরা যাক, জেবসন এমন আঘাত পেল, ক্ষত থেকে রক্ত ঝরেই চলেছে। কিন্তু ব্যথা অনুভব না করায় তা মালুম হচ্ছে না। এতে অতি রক্তক্ষরণেই শিশুটি মুমূর্ষু অবস্থায় পৌঁছাতে পারে। এ ভয়ে হরদম দুরুদুরু থাকেন জেবসনের বাবা ডিন (২৭) আর মা হেলি (২৫)। ইংল্যান্ডের লিংকনশায়ারের গ্রিমসবাইয়ের বাসিন্দা তাঁরা। জেবসন যখন ছুটোছুটি করে খেলে, খরগোশের মতো কান খাড়া করে রাখেন বাবা-মা। একটু শব্দ হলেই তাঁরা দৌড়ে গিয়ে দেখেন ছেলেটি আঘাত পেল কি না। কারণ প্রচণ্ড আঘাত পেলেও বলবে না ও। সে বোধ তো নেই। জেবসনের বাবা-মা জানান, এর মধ্যে কয়েক বার বড় ধরনের আঘাত পেয়েছে জেবসন। একবার চোট পেয়ে নিচের দাঁত ওপরের ঠোঁট ছিদ্র করে ফেলে। কিন্তু জেবসনের ভ্রূক্ষেপ নেই। এভাবে আঘাত পেলে কখনো কাঁদে না ও। কাঁদে কেবল তখনই, যখন খুব রাগ আর জেদ চাপে। জেবসনের অস্বাভাবিক দিকটি এখানেই আটকে নেই, আরও আছে। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বাড়ছে না ও। মা বলেন, আর কিছু দিন পর চার বছর হবে ওর। অথচ দেখলে মনে হয় বয়স আরও কম। এ জন্য চিকিৎসকের কাছে জেবসনকে নিয়ে গিয়েছিলেন তাঁরা। পরীক্ষা করে চিকিৎসকেরা বলেছেন, কর্নেলিয়া ডি ল্যাঞ্জ সিনড্রোম নামে এক ধরনের সমস্যায় ভুগছে জেবসন। গড়ে ৫০ হাজার শিশুতে একজন এই বিরল রোগ নিয়ে জন্মে। এতে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পরিণামে হয় বামন। সমস্যাটি কেবল শিশুর স্বাভাবিক বৃদ্ধিতেই বাধা হয়ে দাঁড়ায় না, ব্যথা-বেদনার অনুভূতিকেও ভোঁতা করে দিতে পারে।জন্মের সময় এক্কেবারে এইটুকুন ছিল জেবসন। মাত্র চার পাউন্ড নয় আউন্স ছিল ওজন। চিকিৎসকদের মতে, জেবসনের মতো সমস্যা নিয়ে যেসব শিশু জন্মে, অনেকে দুই বছর পার হওয়ার আগেই মারা যায়। জেবসন সে বাধা পার হয়েছে। অবশ্য ধকলও কম যায়নি। এক অস্ত্রোপচারের কক্ষেই ওকে ঢুকতে হয়েছে ছয় বার। আর হাসপাতালে যে কতবার ভর্তি হতে হয়েছে, এর কোনো হিসাব নেই। এরপরও অন্য দশটি শিশুর মতো কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য জেবসনেরও আছে। শিশুসুলভ খেলায় মেতে উঠে ও। পছন্দ করে পশুপাখি। অনেক দিন পরে হলেও হাঁটতে শিখেছে ও। শিখেছে একটু-আধটু কথা। এতেই ওর বাবা-মা অনেক খুশি। ডেইলি মেইল।