ব্যবসা সামলাতে লন্ডনে রুপার্ট মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির জেরে ব্যবসাসফল পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করতে বাধ্য হওয়া এবং নতুন টিভি চ্যানেল কেনা নিয়ে অনিশ্চয়তায় যুক্তরাজ্যে নিউজ ইন্টারন্যাশনালের ব্যবসা বেসামাল হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানের প্রধান মিডিয়া মোগল রুপার্ট মারডক গতকাল শনিবার লন্ডনে গেছেন।এদিকে মারডকের দেশ অস্ট্রেলিয়ায়ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তদন্তের দাবি উঠেছে।যুক্তরাজ্যের বিস্কাইবি টেলিভিশন চ্যানেলটির বেশির ভাগ অংশের মালিক হওয়ার চেষ্টা করছে মারডকের প্রতিষ্ঠান নিউজ ইন্টারন্যাশনাল। কিন্তু তাদের পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর বিরুদ্ধে হাজার হাজার মানুষের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠার পর তা ঠেকানোর দাবি জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা অ্যাড মিলিব্যান্ড।আজ রোববার শেষ সংখ্যাটি প্রকাশের পর বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। কেলেঙ্কারির সূত্রে পত্রিকার এক সাবেক সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করেছে গত শুক্রবার। পত্রিকাটির বিরুদ্ধে যুদ্ধে নিহত ব্রিটিশ সেনা ও সন্ত্রাসবাদী হামলায় হতাহতদের পরিবারের সদস্যসহ কয়েক হাজার সাধারণ মানুষের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে। এর উদ্দেশ্য ছিল খবরের জন্য তথ্য জোগাড় করা। বিষয়টি যুক্তরাজ্যে সংবাদপত্রের স্বাধীনতা ও নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।অস্ট্রেলিয়ায় একটি পত্রিকা দিয়ে মিডিয়া ব্যবসায় নামা রুপার্ট মারডক যুক্তরাজ্যে ব্যবসা সম্প্রসারণ করেন ১৯৬০ এর দশকে। নিউজ অব দ্য ওয়ার্ল্ড ছাড়াও যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক ট্যাবলয়েডসান এবং প্রভাবশালী ব্রডশিট (বড় পৃষ্ঠার) পত্রিকা দ্য টাইমস ও দ্য সানডে টাইমস-এর মালিকও তিনি। মারডক এখন চেষ্টা করছেন নতুন টেলিভিশন চ্যানেল বিস্কাইবির ৬১ শতাংশ মালিকানা কিনে নিতে।বিশ্লেষক ও বিনিয়োগকারীরা বলছেন, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কেলেঙ্কারির পর সরকার গণমাধ্যমের জন্য কঠোর নীতিমালা তৈরি করতে পারে। আর তা করা হলে বিস্কাইবি কিনে নেওয়া রুপার্ট মারডকের জন্য কঠিন হয়ে পড়তে পারে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে লন্ডনে উড়ে গেছেন মারডক। তবে তাঁর এই সফরের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নিউজ ইন্টারন্যাশনাল।এদিকে, গার্ডিয়ান পত্রিকায় গতকাল প্রকাশিত একটি খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর কেলেঙ্কারি নিয়ে সৃষ্ট তোলপাড় আরও জোরালো হতে যাচ্ছে। গার্ডিয়ান-এর ওয়েবসাইটে প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, কেলেঙ্কারির প্রমাণ গায়েব করে ফেলার উদ্দেশ্যে নিউজ ইন্টারন্যাশনালের এক নির্বাহী তাঁদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্কাইভ থেকে লাখ লাখ ই-মেইল মুছে ফেলেছেন।তবে নিউজ ইন্টারন্যাশনালের যুক্তরাজ্যের এক মুখপাত্র বলেছেন, ‘গার্ডিয়ান-এর এই খবর সঠিক নয়। আমরা বরং তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং কোনো প্রমাণ ধ্বংস করিনি।’প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘ফোনে আড়ি পাতার এই অভিযোগ শুধু একটি পত্রিকার বিরুদ্ধে নয়, আরও অনেক পত্রিকার বিরুদ্ধেও আছে। আর পত্রিকা কেন, পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। এর দায় রাজনীতি ও রাজনীতিবিদদের ওপরেও যায়।’ফোনে আড়ি পাতার অভিযোগে গত শুক্রবার আরেকটি ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার-এর কার্যালয়েও অভিযান চালায় ব্রিটিশ পুলিশ।এদিকে, যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়ায়ও রুপার্ট মারডকের গণমাধ্যম-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তদন্তের দাবি উঠেছে। অস্ট্রেলিয়ায় নিউজ ইন্টারন্যাশনালের সহযোগী স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান নিউজ লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সেখানকার একটি আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক কেনার চেষ্টা করছে।অস্ট্রেলিয়ার প্রভাবশালী রাজনৈতিক দল গ্রিন পার্টির প্রধান বব ব্রোন গত বৃহস্পতিবার পার্লামেন্টে নিউজ লিমিটেডের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, তারা লন্ডনে যে কাজ করেছে, এখানেও যে তা করছে না, তার নিশ্চয়তা কোথায়? কাজেই বিষয়টি তদন্ত করে জনগণের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এএফপি, বিবিসি।