গৃহযুদ্ধ-পরবর্তী মানবাধিকার-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এবং সংখ্যালঘু তামিলদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরও বেশি প্রচেষ্টা চালাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শ্রীলঙ্কা সরকার শিগগিরই যথাযথ পদক্ষেপ না নিলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত চালাতে চাপ দেওয়ার কথাও বলেছেন তিনি।
গত শুক্রবার থেকে শুরু হওয়া কমনওয়েলথের তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন ডেভিড ক্যামেরন। শুক্রবার তিনি দেশটির তামিল-অধ্যুষিত উত্তর জাফনা পরিদর্শনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর জাফনা সফরের উদ্দেশ্য ছিল, দেশটির সংখ্যালঘু তামিল জনগোষ্ঠী বর্তমানে কী পরিস্থিতিতে দিন কাটাচ্ছে, তা সরেজমিনে দেখা। সেখানে যাওয়ার পর ২০০ জনের বেশি বিক্ষোভকারী ক্যামেরনের গাড়িবহর ঘিরে রাখেন। এ সময় তাঁদের হাতে ছিল স্বজনদের ছবি। শ্রীলঙ্কার সামরিক বাহিনীর হাতে তাঁরা নিহত বা নিরুদ্দেশ হয়েছে বলে দাবি করেন ওই বিক্ষোভকারীরা।
জাফনা থেকে ফিরে ক্যামেরন রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ক্যামেরন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, তিনি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত চালাতে রাজাপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী মার্চের মধ্যে এ বিষয়ে শ্রীলঙ্কার সরকার যথাযথ ব্যবস্থা না নিলে জাতিসংঘের তদন্তের মুখোমুখি হতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিশ্ববিখ্যাত ক্রিকেট তারকা মুত্তিয়া মুরালিধরনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ক্যামেরন। মুরালিধরন জাতিতে তামিল। সরকারের সঙ্গে তামিলদের সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছেন তিনি।
শ্রীলঙ্কার ২৬ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ২০০৯ সালের মে মাসে শেষ হয়। ওই সময়ে পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াইরত তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করে সরকারি বাহিনী। তবে লড়াইয়ের চূড়ান্ত মাসগুলোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে বরাবরই দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শ্রীলঙ্কার সরকারের টানাপোড়েন চলছে।
আগামী মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পরবর্তী বৈঠকে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন।
তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী বাসিল রাজাপক্ষে গতকাল বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এর বিরোধিতা করব। আমরা এ রকম কিছুর অনুমতি দিতে যাচ্ছি না।’ এএফপি ও বিবিসি।