ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান
প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান

ফেরিডুবির ঘটনার পর উদ্ধার তৎপরতায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান। গতকাল রোববার সকালে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেরিডুবি ও উদ্ধার অভিযানে সরকারের ভূমিকা নিয়ে কয়েক দিন ধরে দক্ষিণ কোরিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এরই প্রেক্ষাপটে গতকাল রাজধানী সিউলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-ওয়ান। সংবাদ সম্মেলনটি টেলিভিশনে প্রচার করা হয়। এ সময় ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান।
চাং হং-ওয়ান বলেন, ‘এই ফেরি দুর্ঘটনা রোধে অক্ষমতা এবং পরে যথাসময়ে উদ্ধার তৎপরতা শুরু করতে না পারায় আমি ক্ষমাপ্রার্থী। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দুঃখজনক এ ঘটনার দায়দায়িত্ব নিতে হবে।’
ফেরিডুবির ঘটনায় নিহত ও নিখোঁজ যাত্রীদের স্বজনেরা সরকারের সমালোচনা করে বলেছে, উদ্ধার অভিযান শুরু করতে দেরি হওয়ায় অনেক বেশি প্রাণহানি হয়েছে।
১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে সি সিওল নামের যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। এতে এ পর্যন্ত ১৮৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। এএফপি ও বিবিসি।