ব্যস্ত মাদিবা শার্টের নকশাকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহ থেকেই পাথে উয়েদ্রাউগো মাদিবা শার্টের চাহিদা মেটাতে কুলিয়ে উঠতে পারছিলেন না। নেলসন ম্যান্ডেলা যে ঝলমলে রঙের ছাপা শার্ট পরতেন, এই পাথে উয়েদ্রাউগোই তার নকশাকার। বিশ্বজুড়ে তাঁর শার্টকে বিখ্যাত করেছেন নেলসন ম্যান্ডেলা। ‘সবগুলো দোকান শার্ট চেয়ে যোগাযোগ করছে’—বেশ কয়েকটি সেলাই মেশিনের খটখট শব্দ আর গানের শব্দ ছাপিয়ে গলা চড়িয়ে বললেন আবিদজানের পাথে। তাঁর ব্যস্ত সেলাইঘরে তখন কাজ করছিল ৩০ জন কর্মী। পাথে জানালেন, তাঁরা বেশ কিছু শার্ট বানিয়ে রেখেছিলেন। কিন্তু সব ফুরিয়ে গেছে। এ জন্য আরও তৈরি করছেন।

পাথে নিজেও পরেছিলেন নীল-গোলাপি ছাপ আর হলদে হাতার মাদিবা শার্ট। কারখানার বিপরীতেই তাঁর বুটিক শপ। দেয়ালে সার বেঁধে টানানো নামীদামি খদ্দেরদের ছবি। তাঁদের মধ্যে রয়েছেন আর্চবিশপ ডেসমন্ড টুটু, মডেল নাওমি ক্যাম্পবেল, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এবং অবশ্যই তাঁর প্রিয় খদ্দের নেলসন ম্যান্ডেলা।

আইভরি কোস্টের কৃতী ফ্যাশন ডিজাইনার পাথে উয়েদ্রাউগো বললেন, ম্যান্ডেলা একজন বিশ্বনেতা হলেও গুরুগম্ভীর গাঢ় রঙের স্যুট বাদ দিয়ে প্রায়ই রংচঙে ওই শার্ট পরতে দ্বিধা করেননি। পাথের মতে, মাদিবা শার্ট ঠিকঠিকভাবে আফ্রিকার নকশা ও রংকে তুলে ধরতে পেরেছে। তিনি কখনোই বলেননি, ‘আমাকে এ শার্টে মানাচ্ছে তো? হাস্যকর লাগছে না তো? আমাকে কী অমুক রাষ্ট্রনেতার মতো সাজগোজ করা উচিত?’—বললেন পাথে। এএফপি।