ব্যস্ত সড়কের নিচে তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মাইক পার সড়কের নিচে ইস্পাতের প্রকোষ্ঠে।  ছবি: এএফপি
শিল্পী মাইক পার সড়কের নিচে ইস্পাতের প্রকোষ্ঠে। ছবি: এএফপি

সর্বাত্মক সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এক পথ অবলম্বন করেছেন অস্ট্রেলিয়ার এক শিল্পী। দেশটির ব্যস্ত এক সড়কের নিচে ইস্পাতের প্রকোষ্ঠে আবদ্ধ অবস্থায় তিন দিন কাটিয়ে গত রোববার বেরিয়ে আসেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার হোবার্ট শহরে এই প্রতিবাদ জানিয়েছেন ওই শিল্পী।

মাইক পার (৭৩) নামের ওই শিল্পী এই তিন দিনে কিছু খাননি। তাঁকে বাঁচিয়ে রাখতে ২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১ দশমিক ৭ মিটার প্রস্থের ইস্পাতের প্রকোষ্ঠটিতে কেবল অক্সিজেনের নিয়মিত সরবরাহ নিশ্চিত করেছেন আয়োজকেরা। এই তিন দিনে সড়কের নিচে মাইক যখন তাঁর স্কেচ প্যাড আর পেনসিল নিয়ে ব্যস্ত, ওপর দিয়ে তখন দ্রুতগতিতে ছুটে গেছে শত শত যানবাহন। এ ছাড়া মাইকের সঙ্গে ছিল পানির বোতল আর বর্জ্যের বাক্স।

আয়োজকেরা বলেছেন, তাসমানিয়ার বার্ষিক ডার্ক মোফো উৎসবের অংশ হিসেবে মাইক পার ভূগর্ভে অবস্থানের এই উদ্যোগ নেন। শিল্পীর নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে যে উদ্বেগ সৃষ্টি হয়, তা-ই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। ১৯ শতকে ব্রিটিশ উপনিবেশের সময় অস্ট্রেলিয়ায় যে সহিংসতা ও গণহত্যা হয়, তার ওপর আলোকপাত করতেই এই আয়োজন।

মাইক পারের ইস্পাতের প্রকোষ্ঠে হালকা আলোর ব্যবস্থা ছিল। আজ মঙ্গলবার ভূগর্ভে অবস্থানের অভিজ্ঞতা মাইক পার সবাইকে জানাবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। ডার্ক মোফো উৎসবের তত্ত্বাবধায়ক জ্যারোড রাওলিনস সাংবাদিকদের বলেন, মাইক পার বহু বছর ধরে এই কাজ করে আসছেন।