ব্যস্ত সড়কের পাশে বসবাসে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের বড় ও ব্যস্ত সড়কের পাশে যাঁরা বাস করেন, শব্দ ও বায়ু দূষণ তাঁদের জীবনের নিত্য সঙ্গী। আর তাই এসব এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে স্মৃতিভ্রমের ঝুঁকি বাড়ছে। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কানাডার অন্টারিওর ৬০ লাখ পূর্ণ বয়স্ক মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। এতে দেখা যায় ব্যস্ত রাস্তার ৫০ মিটারের মধ্যে যাঁরা বাস করেন তাঁদের স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা স্বাভাবিক সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি থাকে। ৫০-১০০ মিটারের মধ্যে বাস করলে এই রোগ হওয়ার সম্ভাবনা স্বাভাবিক সময়ের চেয়ে চার শতাংশ এবং ১০০-২০০ মিটারের ক্ষেত্রে ২ শতাংশ বেশি। ২০০ মিটারের বেশি দূরে যাঁরা বাস করেন তাঁদের এই রোগ হওয়ার ঝুঁকি অনেক কম।

নাইট্রোজেন ডাইঅক্সাইড ও বাতাসে থাকা নানা ধরনের ক্ষুদ্র কণা মানব শরীরের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় এই দুই পদার্থের সংস্পর্শে থাকলে ডিমেনশিয়া রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে তা পুরোপুরিভাবে দায়ী কি না, সে প্রমাণ মেলেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ৪ কোটি ৭৫ লাখ মানুষ ডিমেনশিয়া রোগে আক্রান্ত। ডিমেনশিয়ার প্রাথমিক ও প্রধান লক্ষণ স্মৃতি হারিয়ে ফেলা। ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। বুদ্ধি খাঁটিয়ে কাজ করতে পারেন না, বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বিশ্বে প্রতিবছর ৭৭ লাখ মানুষ নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। আলঝেইমার রোগের একটি সাধারণ উপসর্গ হলো ডিমেনশিয়া। সাধারণত বয়োজ্যেষ্ঠদের এ রোগ হয়। ৬০ থেকে ৭০ ভাগ সময়ে ডিমেনশিয়া থেকে আলঝেইমার রোগ দেখা দেয়। গবেষণায় দেখা যায় আলঝেইমার রোগের অন্যতম কারণ বিভিন্ন দূষণ।

এ ছাড়া ডিমেনশিয়া থেকে স্ট্রোক বা উচ্চ রক্তচাপের মতো রোগও দেখা দিতে পারে।

গবেষণায় বলা হয় ব্যস্ত সড়ক পরিবেশগত মানসিক চাপের একটি উৎস যা থেকে ডিমেনশিয়ার সূত্রপাত হয়। দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং নগরায়ণের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি মানুষকে লোকালয়ে বা ব্যস্ত সড়কের পাশে বাস করতে হয়। আর যার কারণে এই রোগের বিস্তার বাড়ছে।

সূত্র: এএফপি