ব্যাংক অব কানাডা-প্রধান জানালেন ২০১৮ সালে মুদ্রাস্ফীতি বাড়তে পারে

কানাডায় ২০১৮ সালে মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলে জানিয়েছেন সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্টিফেন পোলজ। সম্প্রতি জার্মানির একটি স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। ব্যাংক অব কানাডার প্রধান বলেন, আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই কানাডার মুদ্রাস্ফীতিপ্রবণতা ঊর্ধ্বমুখী হতে পারে। এ পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় আগে থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন হবে।
জার্মান সংবাদপত্র হ্যান্ডলসব্ল্যাটকে দেওয়া ওই সাক্ষাত্কারে আগামী বছরে মুদ্রাস্ফীতি ও সম্ভাব্য সুদের হার বৃদ্ধি নিয়ে খোলাখুলি কথা বলেন গভর্নর পোলজ। সাক্ষাত্কারে তিনি বলেন, ‘অর্থনীতি ১৮-২৪ মাস পর কোথায় থাকবে, তা আগে থেকে অনুমানের সক্ষমতা থাকতে হবে মুদ্রানীতি-সংশ্লিষ্টদের। আমরা যদি মুদ্রাস্ফীতি হওয়ার পর তা মোকাবিলায় ব্যবস্থা নিই, তাহলে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারব না। প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা বরাবরই অন্তত দুই বছর পিছিয়ে থাকব। এ কারণে আমাদের আগে থেকেই মুদ্রাস্ফীতির সঙ্গে সম্পর্কিত অন্য সূচকগুলোর দিকে নজর দিতে হবে।’
গত মঙ্গলবার প্রকাশিত এ সাক্ষাত্কারের সরাসরি প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। সাক্ষাত্কারটি প্রকাশের পর মর্কিন ডলারের বিপরীতে কানাডীয় ডলারের দাম বেড়ে গত ১০ মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এদিকে কানাডায় সুদের হার বৃদ্ধির ঘোষণা দেওয়ার মঞ্চ অনেকটাই প্রস্তুত করে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার বাড়ানোর বিষয়ে ব্যাংক অব কানাডার পরবর্তী সভা ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সুদের হার বৃদ্ধির ঘোষণা এলে তা হবে ২০১০ সালের পর প্রথম ঘটনা। সর্বশেষ ২০১৫ সালে দেশটিতে সুদহারে পরিবর্তন আনা হয়। সে সময় দশমিক ৫ শতাংশ সুদের হার কমানো হয়, যা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির দুই নীতিপ্রণেতা জ্বালানি তেলের দরপতনের কারণে হওয়া ক্ষতি পোষাতে সুদহার বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে জানান। এ পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষকই বিস্ময় প্রকাশ করেছেন। অধিকাংশ বিশ্লেষকের কাছেই ২০১৮ সালের আগে সুদহার বৃদ্ধির ঘোষণা ছিল অপ্রত্যাশিত।
তথ্যসূত্র: রয়টার্স