ব্যাংকক অবরোধ করেছে সরকারবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে সরকারবিরোধীরা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে সরকারবিরোধীরা

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে সরকারবিরোধীরা। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে দেশটির তারা এ কর্মসূচি পালন করছে।
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, আন্দোলনকারীরা সড়কগুলোতে বাধা সৃষ্টি করেছে এবং প্রধান সড়কের মোড়গুলোতে অবস্থান নিয়েছে। অবরোধের কারণে রাজধানীর বিখ্যাত ভিক্টরি মনুমেন্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ হাজার সদস্যকে পথে নামিয়েছে সরকার।
দেশটিতে আগামী ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। তবে দেশটির প্রধান বিরোধী দল এরই মধ্যে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।
দেশটির নির্বাচন কমিশন নির্বাচন মে মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকার বলছে, নির্বাচন কমিশনের এ প্রস্তাব নিয়ে উন্মুক্ত সংলাপ হতে পারে।
বিরোধীদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। তিনি আগামী নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার বেছে নিতে তাদের প্রতি আহ্বান জানান।
গতকাল রাতে বিরোধীদের বিক্ষোভ চলাকালে এতে গুলি চালায় এক অজ্ঞাত বন্দুকধারী। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, গতকাল পৃথক ঘটনায় বিরোধী দলের সদর দপ্তরে গুলি চালিয়েছে আরেক বন্দুকধারী। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।