ব্যাংককবাসীর মন জয়ের চেষ্টা করছেন থাকসিনের সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী আন্দোলনে সমর্থন পেতে রাজধানী ব্যাংককবাসীর মন জয়ের চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনরত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্টের সমর্থকেরা গতকাল শনিবার ব্যাংককবাসীকে তাঁদের সঙ্গে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ব্যাংককে এক সপ্তাহ ধরে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকায় দেশটির প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা স্বীকার করেছেন, দেশটি বর্তমানে বিভক্ত হয়ে পড়েছে। তবে থাইল্যান্ডের এক সিনেটর জানিয়েছেন, সরকারের এক মন্ত্রী কাল সোমবার লাল শার্টের এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।লাল শার্টের অনেক সমর্থক ক্লান্ত-শ্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে গেলেও গতকাল সকালে হাজার হাজার আন্দোলনকারী মোটরসাইকেল, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে ও হেঁটে ব্যাংককের রাস্তায় মিছিল করেন। স্থানীয় সময় সকাল ১০টার শুরু হওয়া মিছিলে অচল হয়ে পড়ে ব্যাংকক। বিক্ষোভকারীরা গান গেয়ে এবং লাল পতাকা উড়িয়ে বিশাল মিছিল করেন। এ সময় তাঁরা ব্যাংককবাসীর মধ্যে প্রচারপত্র বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। চেষ্টা করেন ব্যাংককের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মন জয়ের। লাল শার্টের এক নেতা বলেন, ‘দেশের অভিজাত শ্রেণী ও সরকারকে ছুড়ে ফেলার জন্য ব্যাংককবাসীকে আহ্বান জানিয়েছি আমরা।’ওয়েং তোজিরাকর্ন নামের আরেক নেতা বলেন, ‘ব্যাংককবাসী যদি দ্বিমুখী ও ভণ্ডামিকে ঘৃণা করে থাকে, তবে তাদের আমাদের অহিংস আন্দোলনে শরিক হতে আহ্বান জানাচ্ছি।’ লাল শার্টের নেতারা বলেন, বড় ব্যবসায়ী, রাজকীয় উপদেষ্টা, সেনাবাহিনীর জেনারেল ও আদালতের বিচারকেরা ষড়যন্ত্র করে থাকসিনের নির্বাচিত সরকারকে উত্খাত করেছেন। তাঁরা এখন চান, দেড় কোটি মানুষের ব্যাংকক শহরের বাসিন্দারা মিছিলে যোগ দিক এবং জনগণের হাতে ক্ষমতা ফেরত দিতে তাঁদের চেষ্টায় সহায়তা করুক। সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী এ অহিংস আন্দোলনে এখনো অবশ্য সাড়া দেননি থাই প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা। আন্দোলন শুরুর আগেই বাসভবন ছেড়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী অভিজিত্ বিবিসির সঙ্গে কথা বলেন। তিনি জানান, লাল শার্টের নেতাদের দুঃখ-দুর্দশা নিয়ে কথা বলতে তাঁদের নেতাদের সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘থাইল্যান্ড বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তি অনেক গভীরে পৌঁছেছে। তবে আমাদের কঠোর হাতে আইনের শাসন বজায় রাখতে হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে যেকোনো উপায়ে রাজনৈতিক দ্বন্দ্ব কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায়।’ দেশের অর্থনীতিকে গতিশীল করাসহ থাইল্যান্ডকে ঐক্যবদ্ধ করতে তাঁর পক্ষে যা করা সম্ভব তার সব কিছুই করছেন বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী অভিজিত্ বলেন, বিরোধীরা তাঁকে সামরিক বাহিনীর পুতুল বলে অভিহিত করেছেন; কিন্তু তা ঠিক নয়। তিনি বলেন, বিক্ষোভে কোনো সহিংসতা না হওয়ার তিনি সন্তুষ্ট। তিনি খুশি প্রশাসন বিক্ষোভের অনুমতি দেওয়ায়।থাইল্যান্ডের সিনেটর লেরট্রাট রতনাভনিচ গতকাল এএফপিকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মন্ত্রী সাতিত অংনংতায়ে ও আন্দোলনরত লাল শার্টের অন্যতম নেতা ওয়েং তোজিরাকর্ন কাল সোমবার দুপুরে বৈঠক করবেন। তবে আলোচনার স্থান প্রকাশ করতে চাননি তিনি। সিনেটর জানান, প্রথম এ বৈঠকে দুই পক্ষের আলোচনার কাঠামো ঠিক করা হবে।এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা বিক্ষোভকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে তাঁরা নাকচ করে দেন। তাঁদের দাবি, আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, তারপর আলোচনা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত থাকসিন সিনাওয়াত্রার ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন।