ব্যাংককে কয়েকটি বিক্ষোভস্থলে গুলি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল বুধবার কয়েকটি সরকারবিরোধী বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় রাজধানীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁর রাজনৈতিক শক্ত ঘাঁটি দেশের উত্তরাঞ্চলে
চলে গেছেন।
থাইল্যান্ডে প্রায় চার মাস ধরে এই রাজনৈতিক সংকট চলছে। সংকট শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ব্যাংককের রাস্তায় সহিংসতার ঘটনা ঘটছে। সহিংসতায় এ পর্যন্ত ২২ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে শত শত মানুষ।
পুলিশ জানায়, গতকাল সকালে ব্যাংককে ইংলাকবিরোধীদের তিনটি বিক্ষোভস্থল এলাকায় এলোপাতাড়িভাবে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। পাশাপাশি কয়েকটি বিপণিবিতান এবং বিলাসবহুল হোটেল লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
জাতীয় পুলিশের সহকারী মুখপাত্র আনুচা রমাইয়ানান বলেন, ‘কে বা কারা গুলি চালিয়েছে, তা আমরা জানি না। তবে মনে হচ্ছে, বন্দুকধারীদের লক্ষ্য ছিল ভয় দেখানো।’
দায়িত্বে অবহেলার অভিযোগে আজ বৃহস্পতিবার শুনানিতে ইংলাককে তলব করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে। পাশাপাশি রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধও হতে পারেন তিনি। এএফপি।