ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী বিক্ষোভের মুখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও এর আশপাশের এলাকায় গতকাল বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে পরমাণু নিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা। এর আগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আসছে লাল শার্ট পরিহিত বিক্ষোভকারীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী এসব বিক্ষোভকারী ব্যাংককে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা গতকাল পার্লামেন্ট ভবনের দিকে ধেয়ে যায়। তবে সরকারি নিরাপত্তা বাহিনী এখনো সহনশীল আচরণ করছে।সারা দেশে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ভেজ্জাজিভা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানাইয়াগর্ন জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী।গতকাল পার্লামেন্ট ভবনে মন্ত্রিসভার একটি বৈঠক চলার সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগোতে শুরু করে। তারা একটি ট্রাক নিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণের ফটক ভেঙে মূল প্রাঙ্গণে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের অগ্রসর হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্ট ভবন থেকে দুটি সামরিক হেলিকপ্টারে করে রাজধানীর কাছে সামরিক ব্যারাকে চলে যান। পার্লামেন্টের অধিবেশনও স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীদের এক নেতা কোরকায়েও পিকুলথং বলেন, ‘আমাদের অভিযান সফল হয়েছে।’মন্ত্রিসভার বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর নিরাপত্তা আইনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ব্যাংককের একটি বিপণিবিতানের পাশে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হয়। এ ছাড়া মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, বিক্ষোভকারীদের এক বছরের কারাদণ্ড দেওয়া হবে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।নিরাপত্তা বাহিনীর কর্মীরা গতকাল পর্যন্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ করা থেকে বিরত ছিলেন। সরকার জানিয়েছে, প্রয়োজনে বিক্ষোভ দমনে তারা শক্তি প্রয়োগ করবে। কিন্তু তারা সংকটের শান্তিপূর্ণ মীমাংসার ব্যাপারেই আগ্রহী।এদিকে স্বেচ্ছা নির্বাসনে থাকা থাকসিন সিনাওয়াত্রা সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটারে বিক্ষোভকারীদের প্রতি বার্তা দিয়েছেন। বিক্ষোভকারীদের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘সাহস, ধৈর্য ও ঐক্য।’ বিক্ষোভকারীদের বেশির ভাগই থাইল্যান্ডের গ্রামাঞ্চল থেকে আসা নিম্নবিত্ত শ্রেণীর নাগরিক। এএফপি, রয়টার্স।