থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী আন্দোলন পুরোপুরি শেষ না-হওয়া পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ রাখা হতে পারে। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাখাইকুল এই ইঙ্গিত দিয়েছেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের পতন ঘটাতে ব্যাংককে প্রায় পাঁচ মাস ধরে বিক্ষোভ চলছে।
অব্যাহত বিক্ষোভের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী গতকাল গণমাধ্যমকর্মীদের বলেন, সুথেপ বিক্ষোভ অব্যাহত রাখলে গ্রেনেড হামলা ও গুলিসহ আরও সহিংস ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই ব্যাংককে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবানের নেতৃত্বে সরকারবিরোধী এই বিক্ষোভ চলছে। মাঝেমধ্যে তা সহিংস রূপ নেয়।
২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সহিংসতা মোকাবিলায় সরকার ২১ জানুয়ারি ব্যাংককে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে।
পররাষ্ট্রমন্ত্রী সুরাপং বলেন, ‘আগামী ২২ মার্চ জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে। মেয়াদ বৃদ্ধির বিষয়ে সেনা ও নিরাপত্তা বাহিনী এবং মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব।’ রয়টার্স।