থাইল্যান্ডে পর্যটন এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য আদেশ চেয়ে করা সরকারি আবেদন গতকাল সোমবার সে দেশের আদালত নাকচ করে দিয়েছেন। আবেদন নাকচ হওয়ায় বিক্ষোভকারীরা দ্বিগুণ উৎসাহে বিক্ষোভ করছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট পরা ওই আন্দোলনকারীরা আবারও ঘোষণা দিয়েছেন সরকারের পতন না ঘটিয়ে তাঁরা ঘরে ফিরবেন না।কর্মকর্তারা বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিন দিন ধরে ব্যাংককের পর্যটনকেন্দ্র অচল করে রাখার কারণে গতকাল তাঁদের সেখান থেকে হটানোর জন্য আদালতের আদেশ প্রার্থনা করা হয়। সরকারের সে আবেদন আদালত তাত্ক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন।এ খবর শুনে বিক্ষোভরত থাকসিনপন্থীরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা আদালতের রায়কে অভিনন্দন জানায়। পর্যটকদের থাকার স্থান বিলাসবহুল পাঁচতারা হোটেল, অভিজাত বিপণিকেন্দ্র, বার ও ম্যাসাজ পারলারসহ দোকানপাট বন্ধ করে সেখানে নাচগান করতে থাকেন। এর ফাঁকে ফাঁকে তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন। কিছুক্ষণের জন্য তাঁরা নির্বাচন কমিশনের কার্যালয়গুলো ঘেরাও করেন। সকালের দিকে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর পরিবারের মালিকানাধীন ‘ব্যাংকক ম্যাসাজ পারলারের’ সামনে একটি বিস্ফোরণ হলে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।আদালতের রায় ঘোষণার পর বিক্ষোভকারীদের নেতা জতুপর্ন প্রমপ্যান তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এটা এখন স্পষ্ট যে অভিজিত্ (প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা) থাইল্যান্ডে যা খুশি তা-ই করতে পারেন না। সাংবিধানিক নিয়ম-নীতি অনুসরণ করেই আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব এবং এ সরকারকে পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করব।’বিশ্লেষকেরা বলেছেন, আইনি দিক থেকে বিক্ষোভকারীদের বিজয় হয়েছে, এমন কথা বলা যাবে না। কারণ আদালত সরকারকে বলেছেন, আইন লঙ্ঘন করে পর্যটন এলাকায় বিক্ষোভরত লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকারের হাতে জরুরি নিরাপত্তা আইন রয়েছে। ওই আইনের আওতায় কঠোর পদক্ষেপ নেওয়ার এখতিয়ার সরকারের রয়েছে। সে কারণে আদালত বিশেষ কোনো আদেশ জারি করবেন না।সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানাইয়াগর্ন বলেছেন, তাঁরা বিক্ষোভকারীদের কাছেজরুরি নিরাপত্তা আইনের কঠোর দিক ব্যাখ্যা করবেন, তারপর ব্যবস্থা নেবেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে জন্য সরকার ইতিমধ্যে ব্যাংককের বিভিন্ন জায়গায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। তবে তারা আক্রমণাত্মক নয়, বরং নমনীয় অবস্থানে রয়েছে।এদিকে, নির্বাসিত নেতা থাকসিন সিনাওয়াত্রা বরাবরের মতো ভিডিও লিংকের মাধ্যমে সমর্থকদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি তাঁর সমর্থকদের এ সরকারের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এএফপি।