ব্যাংককে ফের সহিংসতার আশঙ্কা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত বৃহস্পতিবার রাতে রেলস্টেশন ও সরকার-সমর্থকদের অবস্থানস্থলে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় সেখানে নতুন করে সহিংস পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েকটি দেশ ব্যাংকক সফরের বিষয়ে তাদের দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবারের ওই বিস্ফোরণের জন্য ‘অজ্ঞাত সন্ত্রাসীদের’ দায়ী করে বলেছেন, দোষীদের ধরতে তাঁরা সাঁড়াশি অভিযান চালাচ্ছেন।থাই সরকারের উপপ্রধানমন্ত্রী সুদেপ থাউগসুবান বলেছেন, সরকারবিরোধী লাল শার্ট পরা বিক্ষোভকারীদের অবস্থানস্থল থেকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে এর দায় অস্বীকার করে বলা হয়েছে, তাঁরা অহিংস মনোভাব নিয়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালাচ্ছেন। তাঁদের কোনো কর্মী ওই বিস্ফোরণের জন্য দায়ী নন। গতকাল শুক্রবার সকালে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য মূল অবস্থানস্থলে গেলেও পরে তারা ফিরে আসে। তবে পরিস্থিতি আবার যেকোনো সময়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, গত বৃহস্পতিবার সেনাবাহিনী বিক্ষোভ দমনের অভিযান চালানোর ঘোষণা দিলেও ‘বল প্রয়োগে উদ্ভূত সমস্যার সমাধান হবে না’ বলে গতকাল সেনাপ্রধান মন্তব্য করেছেন।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ব্যাংককের লুম্পিনি পার্কের কাছে অবস্থিত একটি রেলস্টেশনে কয়েকটি বিস্ফোরণ ঘটে। ওই পার্কের দক্ষিণ কোণে সরকারবিরোধী বিক্ষোভকারীরা বাঁশের বেড়া দিয়ে ঘেরা এলাকায় কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছেন। তাঁদের কয়েক শ মিটার দূরে পুলিশের অবস্থান রয়েছে। পুলিশের অবস্থানস্থলের কাছে সরকারপন্থী হলুদ শার্ট পরা দলও রয়েছে। কর্মকর্তারা বলেছেন, স্টেশনে ও সরকারপন্থীদের অবস্থানস্থলে মোট পাঁচটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক খবরে এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও সরকারের পক্ষ থেকে পরে নিহতের সংখ্যা একজন বলে নিশ্চিত করা হয়।গতকাল ভোরে পুলিশ বিক্ষোভকারীদের অবস্থানস্থলের কাছে এসে তাঁদের সরে যেতে বললে তাঁরা তাঁদের অবস্থানস্থল থেকে প্রায় ১০০ মিটার সরে যান। পরে পুলিশও সেখান থেকে সরে আসে। সংবাদমাধ্যমগুলো বলছে, পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও যেকোনো সময় সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রিটেন তাদের দেশের নাগরিকদের থাইল্যান্ড সফরের বিষয়ে নতুন করে সতর্ক করে দিয়েছে। ব্যাংককের বাণিজ্যিক এলাকা সিলোমের পাশেই বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় সেখানকার ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত সংকট নিরসনের জন্য সরকারের ওপর বিভিন্ন মহলের চাপ বাড়লেও এ অচলাবস্থা অবসানের আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে সাংবাদিকেরা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁর এক মুখপাত্রের মাধ্যমে সরকার ও বিরোধী পক্ষকে সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আবার অভিযান চালানো হলে বহু নির্দোষ লোক হতাহত হতে পারেন। এ কারণে তারা সংঘাত এড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল শ্রীচান এনগাথোং জানান, সেনাপ্রধান অনুপং পাওজিন্দা বলেছেন, বল প্রয়োগ করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এএফপি ও বিবিসি অনলাইন।