ব্যাংককে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
ব্যাংককের একটি স্টেডিয়ামে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করা হচ্ছে। এ প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। এর একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে চলা বিক্ষোভ কয়েক সপ্তাহ শান্তিপূর্ণ থাকার পর গতকাল আবার সহিংস হয়ে ওঠে। প্রায় ৫০০ বিক্ষোভকারী ব্যাংককের ওই স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করে। একদল বিক্ষোভকারী ট্রাকের সাহায্যে স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করে। স্টেডিয়ামের ভেতরে তখন ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ড্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে ড্রয়ের মাধ্যমে একটি বিশেষ নম্বর দেওয়ার কথা।
টেলিভিশন ভাষণে উপ-প্রধানমন্ত্রী সুরাপং তভিচাকচাইকুল বলেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ ও নিরস্ত্র ছিল না। যেমনটি এর আগে তারা দাবি করে আসছিল। তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে।
পুলিশ কর্মকর্তা লে. জেনারেল প্রাউত থাভরনসিরি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছোড়া শটগানের গুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়ামটিতে অন্তত এক হাজার পুলিশ মোতায়েন করা হয়।
থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান পারাদরন পাত্তানাথাবুতর জানান, পুলিশ বল প্রয়োগের কৌশল নেয়নি। বিক্ষোভকারীদের শান্ত থাকতে বারবার সতর্ক করা হয়। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এএফপি।