ব্যাংককে বিক্ষোভে বোমা বিস্ফোরণ, আহত ২৮
থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গতকাল শুক্রবার গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভিডিওচিত্রে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বিক্ষোভকারীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স ছুটে যায়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা একটার দিকে ওই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গ্রেনেড বিস্ফোরণ। রাস্তার পাশের কোনো ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তা ছুড়ে মারা হয়। এ ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের মুখপাত্র আকানাত প্রমফান জানান, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাবিরোধী গণ-আন্দোলনের নেতা সুথেপ থাগসুবানের প্রায় ১০০ ফুট দূরে ওই গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। তবে তিনি অক্ষত আছেন।
গতকাল সকালে উত্তর ব্যাংককে বিক্ষোভকারীদের লক্ষ্য করে একাধিক মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়। তবে এতে কেউ আহত হননি।
গত বছরের নভেম্বরে ইংলাকের বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে বিচার থেকে দায়মুক্তি দিতে একটি বিতর্কিত সাধারণ ক্ষমার বিলকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। পরে তা গণ-আন্দোলনে রূপ নেয়। এ সময়ের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ইংলাকের ডাকা ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচন বাতিলের দাবিতে গত সোমবার থেকে ‘ব্যাংকক অচল’ কর্মসূচি চলছে। ওই দিন থেকে বিক্ষোভকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছেন। ইংলাক পদত্যাগ না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা। তবে পদত্যাগ না করা ও পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন ইংলাক। বিবিসি ও এএফপি।