ব্যাংককে বিস্ফোরণের জন্য ‘লাল শার্ট’দেরই দায়ী করেছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে গত মঙ্গলবারের বোমা বিস্ফোরণের ঘটনায় বিরোধী ‘লাল শার্টদের’ দায়ী করেছে সরকার। তবে বোমা বানানোর সময় দুর্ঘটনাক্রমে ওই বিস্ফোরণ ঘটেছে কি না, তা যাচাই করে দেখছেন তদন্ত কর্মকর্তারা।রাজধানী ব্যাংককের উত্তরে নর্থাবুরি প্রদেশের একটি আবাসিক ভবনে মঙ্গলবার রাতের ওই বিস্ফোরণে চারজন নিহত ও নয়জন আহত হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, চলমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এই বিস্ফোরণের সম্পর্ক আছে।প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রউইত ওংসুওন বলেন, ‘লাল শার্টধারীরা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, এটা পরিষ্কার। আমি যতদূর জেনেছি, ওই কক্ষে আরও অনেক বোমা ছিল। বোমাগুলো খুবই শক্তিশালী। অন্যান্য জায়গায়ও এ ধরনের বোমা আছে।’পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশের বিস্ফোরক অপসারণ বিভাগের প্রধান লে. কর্নেল কামথ্রোন উচারোয়েন বলেন, ‘ওই ভবনের ২০২ নম্বর কক্ষে সম্ভবত বোমা বানানো হচ্ছিল। এ সময় দুর্ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটে।’পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা ভয়াবহভাবে পুড়ে যাওয়া মৃতদেহটি ওই কক্ষের ভাড়াটিয়ার কি না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ওই কক্ষে একটি একে-৪৭ রাইফেলও পাওয়া গেছে। এএফপি।