ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীদের উড়াল রেলপথ অবরোধ
থাইল্যান্ডে থাকসিনপন্থী লাল শার্ট পরা বিক্ষোভকারীরা সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করেছেন। গতকাল মঙ্গলবার তাঁরা রাজধানী ব্যাংককের উড়াল-রেল বন্ধ করে দেন। ফলে সকালের কর্মব্যস্ত সময়ে লাখ লাখ লোক চরম দুর্ভোগে পড়ে। বিক্ষোভকারীরা আন্দোলন বেগবান করার জন্য তাঁদের আরও সমর্থককে রাজধানীতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে বিক্ষোভকারীদের সরকার পতন আন্দোলন শুরু হওয়ার পর সোমবার থাইরাজা প্রথমবারের মতো টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। নবনিযুক্ত বিচারকদের শপথ অনুষ্ঠানে চলমান আন্দোলনের বিষয়টি উল্লেখ না করে থাইরাজা ভূমিবল আদুলিয়াদেজ বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে যান। দেশের অনেক লোকই এখন তাঁদের দায়িত্ব ভুলে গেছেন। গত সেপ্টেম্বরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৮২ বছর বয়সী ভূমিবল এই প্রথম কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন। সেনাবাহিনীর একজন মুখপাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাজাকে অবমাননার অভিযোগ করেছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা তাঁদের পত্রিকার ওয়েবসাইটে রাজার বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন। উপপ্রধানমন্ত্রী সুথিপ থাগসুবান বলেছেন, রাজার বিরুদ্ধে কোনো অবমাননা সহ্য করা হবে না। যাঁরা রাজাকে অপমান করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাল শার্ট পরা বিক্ষোভকারীরা সরকারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, সরকার তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। এ জন্য তাঁরা সরকারের বিরুদ্ধে মামলা করবেন।থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন তাঁরা। গতকাল বিক্ষোভকারীরা ব্যাংককের উড়াল-রেল স্টেশনগুলোতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বন্ধ করে দেন ওই উড়াল-রেল। ফলে সকালের ব্যস্ততম সময়ে কর্মস্থলগামী লাখ লাখ লোক চরম বিপাকে পড়েন। ব্যাংককে দেড় কোটি লোকের মধ্যে ৪৫ লাখই ট্রেনে যাতায়াত করে। এর আগে রাতে ব্যাংককের আশপাশের বিভিন্ন শহরে সড়কে তাঁরা অবরোধ করেন এবং সৈন্য ও পুলিশবাহী গাড়ির গতিপথ রুখে দাঁড়ান। এদিকে থাইল্যান্ডের সরকার বলেছে, তারা কোনো নৈরাজ্য সহ্য করবে না। রাস্তা ও রেললাইন অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। উপপ্রধানমন্ত্রী সুথিপ থাগসুবান সাংবাদিকদের বলেছেন, ‘যেসব বিক্ষোভকারী জনগণের অধিকার হরণ করছেন, তাঁদের বিরুদ্ধে সরকার দমন অভিযান জোরদার করেছে। এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।’সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী অভিজিত্ অবশ্য বলেছেন, বিরোধীদের আন্দোলন ‘অগণতান্ত্রিক’ হওয়া সত্ত্বেও সরকার ধৈর্য ধারণ করবে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে সরকার সংযত থাকবে। আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে তাঁরা এ সমস্যার সমাধান চান। তিন মাসের মধ্যে নির্বাচন দিলে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছেন, তিনি আবারও তা প্রত্যাখ্যান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন মুখপাত্রও একই ধাঁচের কথা বলেছেন। ওই সেনা মুখপাত্র বলেন, চলমান সংকট নিরসনে সরকার কী রাজনৈতিক পদক্ষেপ নেয়, সেটা দেখার পরই সেনাবাহিনী এগোবে। বিশৃঙ্খলা যেন আরও ছড়িয়ে না পড়ে, সেটা দেখার দায়িত্ব সেনাবাহিনীর। তবে তাঁরা মনে করছেন, রাজনৈতিক সমাধান ছাড়া এ সংকট নিরসন খুব একটা সহজ হবে না।এদিকে বিক্ষোভকারীরা আন্দোলন আরও জোরদারের পরিকল্পনা করছেন। তাঁরা আজ বুধবার আরও লোকজনকে রাজধানীতে জড়ো হতে বলেছেন। ব্যাংককে বিশাল বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন লাল শার্ট পরা বিক্ষোভকারীরা।