ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল শনিবার তুমুল সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৩৭ জন আহত হয়। প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার পতনের দাবিতে দেশটির রাজতন্ত্রের অনুগত পিতাক সিয়াম গোষ্ঠী ও এর মিত্ররা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে অন্তত ২০ হাজার বিক্ষোকারী অংশ নেয় বলে আয়োজকদের দাবি। তবে পুলিশের মুখপাত্র মেজর জেনারেল পিয়া উথায়ো এএফপিকে জানান, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ১২ হাজারের বেশি হবে না। এ সময়ের মধ্যে আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে একটি এলাকায় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। উথায়ো বলেন, রয়্যাল প্লাজায় আয়োজিত এই সমাবেশ মোকাবিলায় অন্তত ১৭ হাজার পুলিশ তৎপর রয়েছে। সরকারবিরোধী পিতাক সিয়াম গোষ্ঠীটি ইংলাকের সরকারকে সমর্থন করে না। গোষ্ঠীটির প্রধান জেনারেল (অব.) বুনলার্ট কাইওপ্রসিত সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা দেন, ‘পিতাক সিয়াম ও এর মিত্রদের নামে শপথ করে বলছি, আমরা এই সরকারকে উৎখাত করবই।’পিতাক সিয়ামের মুখপাত্র ভাছারা রিদ্ধাগ্নি এএফপিকে বলেন, এই সরকার থাকসিনের পুতুল সরকার। রাজতন্ত্রের প্রতি অবজ্ঞাকারীদের প্রশ্রয় দিচ্ছে এই সরকার। ইংলাকের ১৬ মাসের সরকারের বিরুদ্ধে রাজপথে এই প্রথমবারের মতো বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ হলো। রাজার অনুগত প্রভাবশালী ‘ইয়েলো শার্ট’ সমর্থকেরাও এই সমাবেশে অংশ নেয়। গত বৃহস্পতিবার ইংলাক আশঙ্কা প্রকাশ করেন, বিরোধীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। তারা সংঘাতে লিপ্ত হতে পারে। এএফপি ও বিবিসি।