থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন, দেশটির রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে বন্যার ঝুঁকি কম। রাজধানীর উত্তরাঞ্চলে বালুর বস্তা ফেলে অন্তত ছয় কিলোমিটারজুড়ে কৃত্রিম বাঁধ তৈরি করা হয়েছে। গতকাল শনিবার বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া সাপ্তাহিক ভাষণে তিনি এ কথা বলেন।গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ব্যাংককের অন্তত ২০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। ইংলাক বলেন, বাঁধ দিয়ে ও পানিনিষ্কাশন-ব্যবস্থা সচল করে রাজধানীর বাণিজ্যিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র এখনো শুকনো রাখা গেছে। পরিকল্পনা মতো কাজ এগোলে ব্যাংককের অর্থনৈতিক উৎস বলে পরিচিত এলাকায় বন্যার পানি ঢুকতে পারবে না। আর যদি ঢুকেও পড়ে, তাহলে পাম্প মেশিন ব্যবহার করে দ্রুত এই পানি নিষ্কাশন করা সম্ভব হবে।অতিবৃষ্টির কারণে তিন মাস ধরে চলতে থাকা বন্যায় থাইল্যান্ডে ৪৪৬ জনের প্রাণহানি ঘটেছে। লাখো মানুষের ঘরবাড়ি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।