ব্যাংকিং ইউনিয়ন প্রতিষ্ঠা নিয়ে ইউরোপে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার দুই দিনের সম্মেলন শুরু করেছেন। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, একটি যৌথ ব্যাংকিং ইউনিয়ন গঠনের বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠা করা। তবে এই পরিকল্পনার বিষয়ে ইইউ দেশগুলোর মধ্যে সুস্পষ্টতই মতভেদ রয়েছে।যৌথ ব্যাংকিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে মূল কর্তৃত্ব থাকবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু ইইউর আর্থিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র যুক্তরাজ্য ব্যাংক অব ইংল্যান্ডের ক্ষমতা সংরক্ষণের রক্ষাকবচ চায়। যুক্তরাজ্য এবং ইইউ সদস্য নয়, এমন নয়টি দেশ প্রস্তাবিত ব্যাংকিং ইউনিয়নে ভোটাধিকারের ব্যাপারেও উদ্বিগ্ন।সম্মেলন শুরুর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ইইউভুক্ত কোনো রাষ্ট্র জাতীয় বাজেটে ইউনিয়নের নিয়ম লঙ্ঘন করলে সে বিষয়ে ইইউকে ভেটো ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, কোনো বাজেটকে ‘অকেজো ঘোষণা করার কর্তৃত্ব’ ইইউর অর্থনীতিবিষয়ক কমিশনারের হাতে থাকতে হবে। এদিকে ইইউ ঋণসংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়া দেশে গ্রিসে নতুন করে সাধারণ ধর্মঘট শুরু হতে যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, আগের সম্মেলনগুলোর সময়ে ইউরোপের পুঁজিবাজারে অস্থিরতা এবং স্পেন ও গ্রিসের ঋণসংকট নিয়ে অনেক বেশি উদ্বেগ ছিল। তবে দুই দিনের এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন পুঁজিবাজার অপেক্ষাকৃত শান্ত, আবার স্পেন ও গ্রিসের ঋণসংকট নিয়েও উদ্বেগ কমে এসেছে। অবশ্য ব্যাংকিং ইউনিয়নের এই প্রস্তাব সম্মেলনের আলোচ্যসূচিতে অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ইইউর নির্বাহী কমিশন ইসিবি এবং স্পেন, ফ্রান্সসহ বেশ কয়েকটি সদস্যদেশ আগামী জানুয়ারির মধ্যেই এটার আইনগত ভিত্তি দাঁড় করাতে চাইছে। জার্মানি বাজেট নিয়ন্ত্রণের ওপর বৃহত্তর নিয়ন্ত্রণের পক্ষে কথা বললেও তারা এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে। সর্বসাকল্যে ইউরো জোনের ১৭টি দেশ একটি ব্যাংকিং ইউনিয়ন প্রতিষ্ঠার প্রস্তাবের সমর্থক। আর বাকি ১০টি দেশ এ বিষয়ে অস্বস্তিতে রয়েছে। বিবিসি।