ভারতের যোগগুরু স্বামী রামদেবের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে কেন পুলিশি হামলা চালানো হয়েছে, এর ব্যাখ্যা চেয়ে সরকারকে নোটিশ পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি এস চৌহান ও সতেনতর কুমারের অবকাশকালীন বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, দিল্লির মুখ্য সচিব, দিল্লি প্রশাসন ও দিল্লির পুলিশ কমিশনারকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন। এদিকে দিল্লি থেকে উৎখাতের পর এবার হরিদুয়ারে অনশন করছেন রামদেব।ভারতের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার একাধিক ঘটনায় এমনিতে তোপের মুখে রয়েছে ভারতের জোট সরকার। সুপ্রিম কোর্ট নোটিশ পাঠানোতে সরকার এবার নতুন করে বেকায়দায় পড়েছে। রামদেবের অনশনস্থলে পুলিশি হামলার প্রতিবাদে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে। এ ঘটনায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিরোধী দলগুলো।বিজেপির সভাপতি নিতিন গড়কারি সাংবাদিকদের বলেন, ‘বাবা রামদেবের অনশনস্থলে পুলিশি হামলার ঘটনায় সরকার ভুল স্বীকার না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। সরকারকে এ ঘটনায় মূল্য দিতেই হবে।’নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশনস্থলে পুলিশি হামলার এ ঘটনায় ভারতের কট্টরপন্থী অন্য হিন্দু সংগঠনগুলোও সরকারের সমালোচনায় মুখর হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ গত রোববার এক বিবৃতিতে বলেছে, পুলিশি হামলা চালিয়ে বাবা রামদেবকে অসম্মান করা হয়েছে। এ অপমান শুধু রামদেবেরই নয়, বাবা রামদেবকে অসম্মান করার মধ্য দিয়ে হিন্দু সাধুদেরও অসম্মান করা হয়েছে। হিন্দু সম্প্রদায়কে অসম্মান করা হয়েছে।গত শনিবার দিবাগত রাতে রামলীলা ময়দানে পুলিশি হামলায় অনশন কর্মসূচি পণ্ড করার পর বিশেষ বিমানে রামদেবকে তাঁর নিজের শহর হরিদুয়ারে পাঠানো হয়। সেখানে আশ্রমে গতকাল আবারও অনশন শুরু করেন রামদেব।পুলিশি হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের খুলি ফেটে গেছে। এ ছাড়া এক নারী মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র এএফপিকে এ তথ্য জানায়।ভারতের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির দাবিতে অনশনরত যোগগুরু স্বামী রামদেবের অনশনস্থলে পুলিশি হামলার ঘটনায় দেশটির দুর্নীতিবিরোধী কর্মীরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। যোগগুরুর প্রতি সহমর্মিতা জানিয়ে দেশটির খ্যাতিমান মানবাধিকার কর্মী আন্না হাজারে বলেছেন, এ ধরনের আচরণ (পুলিশি হামলা) গণতন্ত্রের টুঁটি চেপে ধরার শামিল। তিনি বলেন, সরকারকে শিক্ষা দিতে সুশীল সমাজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংয়ের মধ্যপ্রদেশের ভোপালের শ্যামলা হিলস এলাকার বাংলোতে গত রোববার রাতে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাথর ছুড়েছে। এ সময় তারা যোগগুরু রামদেবের পক্ষে স্লোগান দেয়। মধ্যপ্রদেশে দুবার মুখ্যমন্ত্রী হন দিগ্বিজয় সিং। শ্যামলা হিলসে দিগ্বিজয়ের বাংলো থাকলেও রোববার রাতে তাঁর পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না। ভোপালের পুলিশ সুপার যোগেশ চৌধুরী এ তথ্য জানান। এএফপি, রয়টার্স ও পিটিআই অনলাইন।