ব্যাপক বিক্ষোভের মধ্যে আজ মিসরে পার্লামেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনি মোবারক-উত্তর যুগে আনুষ্ঠানিকভাবে পা দিতে যাচ্ছে মিসরীয়রা। আজ সোমবার দেশটির পার্লামেন্ট নির্বাচন। তবে নির্বাচনের এক দিন আগে গতকাল রোববারও তাহরির স্কয়ারে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেনাশাসকেরা ক্ষমতা না ছাড়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।বিক্ষোভকারী মুস্তাফা শাথ (৩০) বলেন, ‘আমি ভোট দেব না। সেনাশাসকেরা ক্ষমতায় থাকলে পার্লামেন্টের কোনো ক্ষমতা থাকবে না।’ মুস্তাফা এসাম (২৭) নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমি ভোটকেন্দ্রে যাব না। কারও প্রতি আমার বিশ্বাস নেই। এই নির্বাচন সম্পর্কে আমরা কিছুই জানি না।’এদিকে জাতীয় মতৈক্যের সরকার গঠন করা হলে প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মেদ এলবারাদি নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এলবারাদির দল শনিবার রাতে এক বিবৃতিতে বলেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হলে এলবারাদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন।বিবৃতিতে আরও বলা হয়, এলবারাদির সঙ্গে বৈঠকের সময় আন্দোলনরত রেভল্যুশন ইয়ুথ কোয়ালিশন ও রাজনৈতিক দলগুলো জোর দিয়ে বলেছে, একমাত্র জাতীয় মতৈক্যের সরকারই পারে চলমান সংকট থেকে দেশকে উদ্ধার করতে।মিসরের জনগণের একাংশ আবার নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। তাহরির স্কয়ারেই বিক্ষোভরত আবদুল আল দিয়াব (৪৬) নামের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘ফিল্ড মার্শাল মোহাম্মেদ হুসেইন তানতাবির পদত্যাগের দাবির সঙ্গে নির্বাচনকে গুলিয়ে ফেলা উচিত নয়। এটা একটা বিষয়। আর নির্বাচন হলো আরেকটা বিষয়।’হামাসের জয়ের সম্ভাবনা: বিপ্লব-পরবর্তী প্রথম নির্বাচনের মাধ্যমে মিসরের রাজনৈতিক পট পাল্টে যেতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। সেটা হলে মুসলিম ব্রাদারহুডের পাশাপাশি জয় হবে ফিলিস্তিনের সংগঠন হামাসেরও।গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুখায়মের আবু সাদা বলেন, ‘হামাসের জন্য এটা ইতিবাচক হতে যাচ্ছে। মোদ্দাকথা, এই হামাসকে নানা সহযোগিতা দিয়ে গড়ে তুলেছে ব্রাদারহুড। হামাসের বেশির ভাগ নেতাই মিসরে প্রশিক্ষণ নিয়েছেন।’ তাহরির স্কয়ারের সাম্প্রতিক বিক্ষোভ দমনে পুলিশ বিপুল পরিমাণ গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। গত এক সপ্তাহে দুই পক্ষের সহিংসতায় ৪২ জন নিহত হয়েছে। এএফপি, এপি ও রয়টার্স।