ব্যাভেরিয়ায় নির্বাচনে ক্ষমতাসীনেরা জয়ী

জার্মানির প্রভাবশালী ব্যাভেরিয়া রাজ্যে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন দল আবার নির্বাচিত হয়েছে। গত রোববারের এই আঞ্চলিক নির্বাচন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জার্মান পার্লামেন্ট নির্বাচনের ছায়া বলে অনেকে অনুমান করছেন।
ব্যাভেরিয়া রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন কেন্দ্রে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সংস্করণ দল।
ব্যাভেরিয়ার ১৮০ আসনের রাজ্য পার্লামেন্টে ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন দল জিতেছে ১০১টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক দল পেয়েছে ৪১টি আসন। আঞ্চলিক পার্লামেন্টের এই নির্বাচনে ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন জিতলেও তাদের শরিক ফ্রি ডেমোক্রেটিক দল পাঁচ শতাংশের কম ভোট পাওয়ায় ব্যাভেরিয়া পার্লামেন্টে দলটির প্রতিনিধিত্বের সুযোগ থাকছে না।
ক্ষমতায় ফিরে আসা ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের সভাপতি মুখ্যমন্ত্রী হোস্ট জিহোফার রাজ্যটির আরও উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সাল অবধি পরিকল্পনা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ব্যাভেরিয়া দেশের অন্যতম শিল্পায়িত ও ধনী রাজ্য।