ব্যারেটের নিয়োগ অনুমোদন সিনেট কমিটির
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত অ্যামি কোনি ব্যারেটের নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে সিনেট জুডিশিয়ারি কমিটি। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট জুডিশিয়ারি কমিটি ২২ অক্টোবর তাঁর নিয়োগ অনুমোদন করেছে। এ সম্পর্কিত সভায় যোগ দেননি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা। এখন বিষয়টি সিনেটে উঠবে বিতর্ক ও ভোটের জন্য, যেখানে তাঁর নিয়োগ চূড়ান্ত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২২ অক্টোবর অনুষ্ঠিত সিনেট জুডিশিয়ারি কমিটির বৈঠকে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন ১২-০ ভোটে অনুমোদন পেয়েছে। কমিটিতে থাকা ১০ ডেমোক্র্যাট সদস্য এ সভা বর্জন করেছেন। এ বিষয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম বলেন, ডেমোক্র্যাট সদস্যদের সভা বর্জন তাদের বিষয়। আমরা কমিটিতে তাদের কর্তৃত্ব করতে দেব না।’ তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
সিনেট ভোটে শেষ পর্যন্ত অ্যামি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেলে সুপ্রিম কোর্টে রক্ষণশীল অংশের সংখ্যাগরিষ্ঠতা আরও দৃঢ় হবে। কারণ তখন সুপ্রিম কোর্টে রক্ষণশীল-উদারনৈতিক অনুপাত হবে ৬-৩। শুরু থেকেই এই নিয়োগের বিরোধিতা করে আসছেন ডেমোক্র্যাটরা।
সিনেটে ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার ব্যারেটের নিয়োগ নিয়ে বলেন, শুরু থেকেই এই নিয়োগ প্রক্রিয়াটি এক বড় ভাঁওতা। ২২ অক্টোবরের সভা বর্জনের ঘোষণা দেওয়ার সময়ও সিনেট জুডিশিয়ারি কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা সরাসরি এই নিয়োগকে অনৈতিক বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১২ দিন আগে এই সভায় যোগ দিয়ে এমন একটি প্রক্রিয়াকে বৈধতা দিতে চান না তাঁরা। কারণ, এরই মধ্যে লাখো লোক ডাকযোগে ও আগাম ভোট দিয়ে দিয়েছেন। ফলে এই প্রশাসন ও আইনসভার সংশ্লিষ্ট কমিটিগুলোর এ ধরনের নিয়োগ দেওয়ার নৈতিক কর্তৃত্ব নেই।
নিয়োগ পেলে ব্যারেট সদ্যপ্রয়াত সুপ্রিম কোর্টের বিচারক রুথ বডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। ব্যারেট রক্ষণশীল খ্রিষ্টানদের মধ্যে বেশ জনপ্রিয়। গত সপ্তাহে সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানির সময় গর্ভপাত, প্রেসিডেন্টের ক্ষমতা, জলবায়ু পরিবর্তন, ভোটাধিকার, ওবামাকেয়ারসহ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলে কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা হতাশ হন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যামি কোনি ব্যারেটের ব্যক্তিগত অবস্থান গর্ভপাতের বিরুদ্ধে। শুনানিতে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১৯৭৩ সালে ‘রো বনাম ওয়েড’ মামলায় দেওয়া আদেশ, যেখানে জাতীয়ভাবে গর্ভপাতকে বৈধ করা হয়, তা এমন কোনো নজির নয় যে তা আর বদলানো যাবে না। তবে তিনি এও বলেন, গর্ভপাতের বৈধতা বাতিলের কোনো লক্ষ্য তাঁর নেই। যদিও এ ধরনের লক্ষ্য ট্রাম্পের রয়েছে। ২০১৬ সালেই তিনি বলেছিলেন, তিনি এমন কাউকে নিয়োগ দেবেন যিনি ওই মামলায় দেওয়া আদেশটি বদলে দিতে পারেন।
এখানে আরও সমীকরণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলছেন, এবারের নির্বাচনে জালিয়াতি করার চেষ্টা করছেন ডেমোক্র্যাটরা। তিনি এও বলেছেন, এবারের নির্বাচনের ফল পেতে হলে আদালতের শরণ নিতে হতে পারে। ফলে তাঁর লক্ষ্যটি বোঝা যাচ্ছে। পরিস্থিতি এমন যে, ডেমোক্র্যাট নেতারা শেষ পর্যন্ত ব্যারেটকেই অনুরোধ করেছিলেন এমন মনোনয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে। কিন্তু তিনি এই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
ডোনাল্ড ট্রাম্প যে এই লক্ষ্য নিয়েই কাজ করছেন তা রিপাবলিকান নেতাদের তৎপরতাতেই প্রকাশ পায়। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ এমন দ্রুততার সঙ্গে করা হচ্ছে, যাতে ৩ নভেম্বরের নির্বাচনের আগেই ব্যারেটের নিয়োগ সম্পন্ন করা যায়। প্রেসিডেন্ট স্বয়ং দ্রুততার সঙ্গে এই নিয়োগ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। আর নিয়োগ নিশ্চিত করার চূড়ান্ত এখতিয়ার যে সিনেটে, সেখানে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে ৫৩-৪৭ ব্যবধানে এগিয়ে। ফলে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি থাকল। এর আগে সুপ্রিম কোর্টে আর কোনো বিচারপতি নির্বাচনের এমন কাছাকাছি সময়ে নিয়োগ পাননি। এমনকি ২০১৬ সালের নির্বাচনের ছয় মাস আগে সাবেক বারাক ওবামা প্রশাসন এমন মনোনয়ন দিলেও তা আটকে দিয়েছিলেন রিপাবলিকান নেতারা।