ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উপনির্বাচনে ব্যালট পেপার জালিয়াতির অভিযোগ করেছে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। লিখিতভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এই অভিযোগ পাঠানো হয়েছে।৫০ বছরের মধ্যে মিয়ানমারে তৃতীয়বারের মতো নির্বাচনে গতকাল রোববার ৪৫টি আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিতে নোবেলজয়ী সু চি নিজেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। নির্বাচনে ১৭টি রাজনৈতিক দলের ১৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এনএলডির মুখপাত্র নিয়ান উইন ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে বলেন, ব্যালটে এনএলডিকে সমর্থন দেওয়ার নির্দিষ্ট স্থানে মোমের প্রলেপ দেওয়া হয়েছে। পরে নির্দিষ্ট জায়গায় ঘষামাজা করে ভোট বাতিল করার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, সব ভোটকেন্দ্রেই এটা করা হয়েছে। যা হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশন দায়ী। নিয়ান উইন আরও বলেন, ‘আমি লিখিতভাবে একটি অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি। যদি এভাবেই নির্বাচন হয়, তাহলে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।’এর আগে গত শুক্রবার সু চি নিজেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।সূ চি গতকাল ভোট চলার সময় তাঁর নির্বাচনী আসন ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাহমু এলাকায় যান। এ সময় বিভিন্ন স্থানে পথের ধারে দাঁড়িয়ে অসংখ্য নারী-পুরষ হাত নেড়ে তাঁকে স্বাগত জানান। কাহমুতে একটি ভোটকেন্দ্রও পরিদর্শন করেন সু চি। এই আসনে সু চির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী ও সেনাবাহিনীর সাবেক একজন সদস্য। এখানে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। নির্বাচনী এলাকা সফরের সময় সু চিকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়। এর আগে এনএলডির একজন মুখপাত্র জানান, সু চি অসুস্থ। তবে আতঙ্কিত হওয়ার মতো তাঁর কিছু হয়নি। এর আগে ১৯৯০ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল এনএলডি। কিন্তু সামরিক জান্তা দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। গত ২২ বছরের মধ্যে অধিকাংশ সময়ই বন্দী ছিলেন সু চি।গতকালের নির্বাচনে ৪৫ আসনের মধ্যে ৪৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করে সু চির দল এনএলডি। ক্ষমতাসীন দল সব আসন হারালেও সরকারে কোনো প্রভাব পড়বে না। ২০১০ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে এক হাজারের বেশি আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন দল ৮৮৩টি আসনে জয়ী হয়। এই নির্বাচনে আইনি জটিলতার কারণ অংশ নেয়নি এনএলডি।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক দূত টমাস ওজেয়া এক বিবৃতিতে বলেন, সরকার ২০১০ সালের নির্বাচন বিতর্কিত করে একটি ‘সুযোগ হারিয়েছে’। এই নির্বাচন সেই ভুল সংশোধন করার সুযোগ এসেছে। এএফপি।