ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
রাশিয়া গতকাল বুধবার প্রথমবারের মতো নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ন্যাটোর তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে সক্ষম।ন্যাটো আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালাল। শুরু থেকেই রাশিয়া ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার বিরোধিতা করে আসছে।রাশিয়ার স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফোর্সেসের মুখপাত্র ভাদিম কোভাল বলেন, ডামি ওয়ারহেড কামচাটকা উপদ্বীপের কুরা এলাকায় গিয়ে পড়ে। ওই এলাকাই এর নির্ধারিত লক্ষ্যস্থল ছিল।সেনাবাহিনীর একটি সূত্র জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এটি ছিল দ্বিতীয় পরীক্ষা। এর আগে গত বছর ২৭ সেপ্টেম্বর রাশিয়া প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সে সময় উৎক্ষেপনস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি অকার্যকর হয়ে বিধ্বস্ত হয়। এএফপি।