ব্যয় হ্রাস উদ্যোগের প্রতিবাদে লন্ডনে সহিংস বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যয় হ্রাস পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনের রাজপথে নামা লাখ লাখ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার ভোরে সংঘটিত এই সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৮৪ জন আহত হয়েছে। পুলিশ ২১৪ জনকে আটক করেছে। বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুধু লন্ডনে আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। ইরাকযুদ্ধের পর এটিকেই যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে মনে করা হচ্ছে।কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু উচ্ছৃঙ্খল লোক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকের শাখা কার্যালয়ে হামলা চালায়। এ ছাড়া এললয়েডস টিএসবি ও ম্যাকডোনাল্ডসের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। পিকাডিলিতে মুখোশ পরা কয়েক শ বিক্ষোভকারী বিখ্যাত রিজ হোটেলে হামলা চালায়। তারা সেখানকার ফ্রন্টাম অ্যান্ড ম্যাসন নামের একটি ডিপার্টমেন্টাল স্টোর দখল করে সেখানে ভাঙচুর শুরু করে। এ ছাড়া তারা রিজ হোটেলের সামনে কয়েকটি দোকানপাটের জানালা-দরজাও ভাঙচুর করে। পাশাপাশি ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের নিবৃত করতে গেলে বিক্ষোভকারীদের মধ্য থেকে কয়েক শ মুখোশ পরা লোক পুলিশের দিকে হাতবোমা ও পেট্রলবোমা ছুড়ে মারে। এইচএসবিসি ও এললয়েডের শাখা কার্যালয়ের দরজা-জানালার গ্লাস ভেঙে যায়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পানীয়র বোতল ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।স্কটল্যান্ড ইয়ার্ডের কমান্ডার বব ব্রডহার্স্ট বলেছেন, প্রায় আড়াই লাখ লোক শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু ‘অপরাধী’ সংঘাত-সংঘর্ষ ছড়িয়ে দেয়। ব্রডহার্স্ট বলেন, মুখোশধারী যেসব লোক ভাঙচুর করেছে, তাদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে তাঁরা মনে করেন। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুলিশ কর্মকর্তা ও ৫৩ জন সাধারণ বিক্ষোভকারী রয়েছেন।বিক্ষোভের প্রধান আয়োজক সংস্থা ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) বলেছে, যারা ভাঙচুর ও সংঘর্ষে জড়িত, তারা উচ্ছৃঙ্খল অপরাধী। বিক্ষোভের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।টিইউসির মহাসচিব ব্রেন্ডান বারবার ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, দাবি আদায়ের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে বিক্ষোভকারীদের নৈরাজ্যকর পরিস্থিতিতে জাড়িয়ে পড়া উচিত হবে না। কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাজেট ঘাটতি কমাতে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার বছরে ৬২০ কোটি পাউন্ড ব্যয় হ্রাসের পরিকল্পনা করেছে। এর আওতায় সরকারি খাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। এর প্রতিবাদে গত শনিবার স্বাস্থ্যকর্মী, অগ্নিনির্বাপণকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যসহ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। বিরোধী লেবার পার্টির প্রধান এডওয়ার্ড মিলিব্যান্ড লন্ডনের হাইড পার্কে গত শনিবারই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের মাঝে বক্তব্য দেন। তিনি বলেন, ‘টোরিরা বলেছে, আমার নাকি এখানে আসা ও কথা বলা উচিত নয়; কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’ টিইউসির সাধারণ সম্পাদক ব্রেন্ডান বারবার বলেন, ‘এই নির্মম ব্যয় হ্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা তাদের জনগণের সেবা, চাকরি ও জীবন ধ্বংস করতে দেব না।’” বিক্ষোভে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা পিটার কিটস (৫৪) বিবিসিকে বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, তা রীতিমতো অন্যায়। এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ওই সময়ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিবিসি, এপি, এএফপি ও রয়টার্স।