ব্রডওয়েল বিদ্বেষপূর্ণ বার্তা পাঠাতেন কেলির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের জীবনীকার পলা ব্রডওয়েল ই-মেইলে বিদ্বেষপূর্ণ বার্তা পাঠাতেন জিল কেলি নামের এক নারীর কাছে। কেলি বিষয়টি মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) জানালে তারা তদন্ত শুরু করে। জিল কেলির অভিযোগের তদন্ত করতে গিয়েই পেট্রাউসের সঙ্গে ব্রডওয়েলের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে এফবিআই। এর জেরে পদত্যাগ করেন পেট্রাউস।মার্কিন সরকারি কর্মকর্তারা গত রোববার এই তথ্য জানান। তাঁদের তথ্যমতে, ৩৭ বছর বয়সী কেলি ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা। পেট্রাউস ও তাঁর স্ত্রী হলির পারিবারিক বন্ধু তিনি। তিনি টাম্পায় মার্কিন সামরিক ঘাঁটিতে সামাজিক যোগাযোগ কর্মকর্তা হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করেন। কেলির সঙ্গে পেট্রাউসের আলাদা কোনো ধরনের সম্পর্কের কথা জানা যায়নি। কেলি ও তাঁর স্বামী এক বিবৃতিতে পেট্রাউসের পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করেন। মার্কিন কর্মকর্তারা জানান, ব্রডওয়েলের বিষয়ে কয়েক মাস আগে তদন্ত শুরু করে এফবিআই। এই তথ্যে ক্ষুব্ধ মার্কিন রাজনীতিকেরা। বিবিসি।