ব্রাউনকে বাতিকগ্রস্ত মনে করেন ব্লেয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাঁর উত্তরসূরি গর্ডন ব্রাউনকে ‘বাতিকগ্রস্ত’ মনে করেন। ব্লেয়ারের সাবেক গণমাধ্যমবিষয়ক প্রধান অলস্টেয়ার ক্যাম্পবেলের লেখা ডায়েরি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। দ্য বার্ডেন অব পাওয়ার: কাউন্টডাউন টু ইরাক শীর্ষক ওই ডায়েরি গতকাল সোমবার গার্ডিয়ান পত্রিকায় প্রকাশ করা হয়।ডায়েরি থেকে পাওয়া তথ্য অনুসারে, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় এক দশক ব্লেয়ার-ব্রাউনের সম্পর্কের অন্তরালে ছিল উত্তেজনা আর তিক্ত অভিজ্ঞতা। ব্লেয়ারের সরকারে ব্রাউন অর্থমন্ত্রী ছিলেন। লেবার পার্টির আধুনিকীকরণ এবং ১৮ বছর পর দলটির ক্ষমতায় আসার পেছনে মূল চালিকাশক্তি ছিলেন ব্লেয়ার ও ব্রাউন। তবে ক্ষমতা গ্রহণের পর দ্রুতই তাঁদের সম্পর্কে চিড় ধরে। তাঁরা হয়ে যান পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে ২০০৭ সালে প্রধানমন্ত্রী হন গর্ডন ব্রাউন। তবে ২০১০ সালের সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে তিনি ক্ষমতা হারান।২০০২ সালের সেপ্টেম্বরে ডায়েরিতে ক্যাম্পবেল লিখেছেন, ‘ব্লেয়ার সব সময় নিজের ওপর জিবির (ব্রাউন) কালো মেঘ অনুভব করতেন।’ ডায়েরি অনুসারে ব্লেয়ার বলেছেন, ‘জিবি বেপরোয়া হয়ে উঠেছেন এবং এখন বেশির ভাগ সময়ই ক্ষতিকর শক্তি হিসেবে কাজ করছেন।’ডায়েরি অনুসারে, ‘ব্লেয়ার বলেছেন, ব্রাউন মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী; তবে একই সঙ্গে তিনি “বাতিকগ্রস্ত” এবং আমি এটা একদম সহ্য করতে পারি না।’ এএফপি।