ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্টের ওপর মার্কিন গোয়েন্দাগিরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা

ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্টদের ইন্টারনেট তৎপরতার ওপর গোয়েন্দাগিরি চালিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মেক্সিকোর এই নেতার ই-মেইলে ঢুকেছিল সংস্থাটি। ব্রাজিলের গ্লোবো টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে।
রিও ডি জেনেরিও-ভিত্তিক সাংবাদিক ও প্রভাবশালী গার্ডিয়ান পত্রিকার কলাম লেখক গ্লেন গ্রিনওয়াল্ড রোববার গ্লোবো টেলিভিশনকে বলেন, এনএসএর ২০১২ সালের জুনের এক গোপন নথিতে দেখা যায়, সংস্থাটি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর কিছু ই-মেইল গোপনে ঘাঁটাঘাঁটি করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এই কাজটি করা হয়। গ্রিনওয়াল্ড এনএসএর তথ্য ফাঁসকারী মার্কিন সেনাসদস্য এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে গোপন নথিপত্র হাতে পান।
এনএসএ প্রেসিডেন্ট এনরিকের কিছু টেলিফোন আলাপের ওপরও গোপন নজরদারি চালায়। এসব আলাপের মধ্যে তাঁর মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা নিয়েও কথাবার্তা রয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই প্রতিবেদন দেখেছেন বলে জানালেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেও তাঁকে পায়নি বার্তা সংস্থা।
শুধু এনরিক নন, এনএসএ একটি প্রোগ্রামের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সব ইন্টারনেট তৎপরতায় অনুপ্রবেশ করে তাঁর যোগাযোগ ও আলাপের ধরন ভালোভাবে বোঝার চেষ্টা করে বলে ফাঁস হওয়া নথিপত্রে বলা হয়।
ব্রাজিলের বিচারমন্ত্রী হোসে এদওয়ার্দো কার্দোজো বলেন, ‘খবরটি সত্য বলে প্রমাণিত হলে, তা হবে অগ্রহণযোগ্য এবং আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।’
টেলিভিশনের খবরে বলা হয়, আগামী অক্টোবরে ওয়াশিংটন সফরে যাচ্ছেন রৌসেফ। তার আগেই গ্লোবোর এমন তথ্য ফাঁস করায় কিছুটা অস্বস্তিতে আছেন তিনি। তাই তিনি গ্লোবোর প্রতিবেদন খতিয়ে দেখছেন। এএফপি।