ব্রাজিলজুড়ে সাড়ে ১২ লাখ মানুষের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভ দেশটির শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে গত বৃহস্পতিবার সাড়ে ১২ লাখের বেশি মানুষ সরকারবিরোধী মিছিল করেছে। ওই দিন বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবার আইনপ্রণেতাদের নিয়ে জরুরি বৈঠক করার কথা প্রেসিডেন্ট দিলমা রুসেফের। কয়েকটি নগরে গণপরিবহনের ভাড়া বাড়ানো এবং বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিকের জন্য বিপুল অর্থ ব্যয়ের প্রতিবাদে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ একপর্যায়ে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিলেও জনগণের ক্ষোভ কমছে না। কয়েকটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বলেছে, বৃহস্পতিবার বিক্ষোভ-কারীদের সংখ্যা ছিল সাড়ে ১২ লাখের বেশি। রিও ডি জেনিরো শহরে থাকা রাজ্যের আইন পরিষদ ভবন, গভর্নর কার্যালয়, গুয়ানাবারা প্যালেস ও মেয়রের কার্যালয় বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এএফপি।