ব্রাজিলে তিন দিনের শোক
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা মারিয়া শহরের একটি নৈশ ক্লাবে গত রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তিন দিনব্যাপী শোক পালন করা হচ্ছে। আর সান্তা মারিয়ায় মাসব্যাপী শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মৃতের সংখ্যা প্রথমে ২৪৫ জন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল, কিন্তু পরে তা সংশোধন করা হয়। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেক্সান্দর পাদিলহা বলেন, ওই ঘটনায় ২৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১১৬ জন। আহতদের জীবন রক্ষার চেষ্টা করা হচ্ছে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নাইট ক্লাবে সংগীত পরিবেশনকারী একটি ব্যান্ড দলের এক সদস্য মঞ্চে একটি মশাল জ্বালিয়েছিলেন। সেই মশালের আগুন নিমেষে ছড়িয়ে পড়েছিল। নিহত অনেকের শেষকৃত্য গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। হতাহতদের মধ্যে স্থানীয় একটি কলেজের ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি।ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সান্তা মারিয়ার কারিদাদ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। এএফপি ও বিবিসি।