ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ১০২ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরো প্রদেশে টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১০২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৪০ জন। ৪৭ জন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে সরকার।সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে শুরু হয়ে মঙ্গলবার প্রায় সারা দিন একটানা ভারী বৃষ্টি হয়েছে রিও ডি জেনিরোতে। গত কয়েক দশকের মধ্যে এটা সবচেয়ে ভারী বর্ষণ। প্রচণ্ড বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে। ঝোড়ো বাতাসে অনেক গাছপালা উপড়ে পড়েছে রাস্তার ওপর। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এবং নিরাপত্তার কারণে অনেক স্থানে বিদ্যুত্সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।ভূমিধসে রিও ডি জেনিরোর পাহাড়ি অঞ্চলের ঝুপড়ি ঘরগুলো ভেঙে পড়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় এক হাজার ৪০০ লোক। এদিকে শুক্রবার পর্যন্ত সরকারি বিদ্যালয় বন্ধ করা হয়েছে।বন্যা ও ভূমিধসে রিও ডি জেনিরো শহরে অন্তত ৩৩, পাশের নিটেরোই শহরে ৫৩, সাও গোনসালোতে ১১ ও পেট্রোপলিসে একজনের মৃত্যু হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে।রিওর দমকল বাহিনী জানিয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চলছে।ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা গত মঙ্গলবার বন্যা ও ভূমিধসে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। ভূমিধসপ্রবণ এলাকা, বিশেষ করে বস্তি এলাকায় ভবন নির্মাণের যথাযথ নীতিমালা অনুসরণে লোকজনকে বাধ্য না করায় স্থানীয় কর্মকর্তাদের তিরস্কার করেন লুলা। স্থানীয় একটি রেডিওকে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘রিও যাতে আবার আগের অবস্থায় ফিরতে পারে, সে জন্য বেশি বৃষ্টি না দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি আমরা।’বন্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলে লোকজনকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন লুলা। ঝুঁকি না থাকলে লোকজনকে শহরে ঘোরাফেরা না করে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।পানিতে রিও ডি জেনিরো শহরের অনেক রাস্তা ডুবে থাকায় শহরের পরিবহনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। পানি ঢুকে অনেক গাড়ি রাস্তার ওপর নষ্ট হয়ে পড়ে রয়েছে।বন্যার কারণে শহরের প্রধান প্রধান সব সড়ক বন্ধ আছে।’ রয়টার্স ও এএফপি।