ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৫০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কাছে পার্বত্য এলাকায় গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে কমপক্ষে ৩৫০ জন প্রাণ হারিয়েছে ও বহু নিখোঁজ রয়েছে। সে দেশের সরকারি কর্মকর্তারা এ কথা জানান।রিও ডি জেনিরোর উত্তরে সেরানা এলাকায় গত বুধবার সন্ধ্যায় অন্ধকার ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে তেরেসোপোলিস শহরে বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।স্থানীয় বেসরকারি প্রতিরক্ষা সংস্থা জানায়, তেরেসোপোলিস শহরে বুধবার রাতে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪৬ জন মারা গেছে। এদিকে বুধবার রাতে মৃতদের পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের লাশ শনাক্ত করতে শহরের মর্গে ভিড় জমান।রিও রাজ্যের বেসরকারি প্রতিরক্ষা দপ্তর ই-মেইলে এক বিবৃতিতে জানিয়েছে, নোভা ফ্রিবুরগো শহরে ভূমিধসে কমপক্ষে ১৭০ জন মারা গেছে। এদের মধ্যে চারজন দমকল-কর্মী রয়েছেন। তাঁরা উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। আরও তিনজন দমকল-কর্মী নিখোঁজ রয়েছেন। এদিকে রিও রাজ্যের বেসরকারি প্রতিরক্ষা দপ্তর পেট্রোপোলিসে ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু বিধ্বস্ত হওয়ায় দুর্যোগ-কবলিত এলাকায় যোগাযোগ ও উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ফলে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কয়েকটি এলাকায় টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা জানান, সারেনায় এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে।ক্ষতিগ্রস্ত তেরেসোপোলিস শহরের মেয়র জর্জ মারিও সেডলাসেক গ্লোবোনিউজ টেলিভিশনকে বলেন, এটি ব্যাপক বিপর্যয় ও ভয়াবহ দুর্যোগ। সরকারি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট দিলমা রুসেফ প্রথমবারের মতো এমন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলেন। তিনি দুর্গত এলাকায় সফরে যাচ্ছেন। সরকার বন্যাকবলিত এলাকায় ৪২ কোটি ডলারের জরুরি ত্রাণ সাহায্য পাঠিয়েছে।বন্যায় বেশ কিছু গাড়ি ভেসে গেছে এবং বাড়িঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া বহু লোক পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়াবিদেরা জানান, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এএফপি, এপি, বিবিসি।