ব্রাজিলে বিক্ষোভ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে গতকাল মঙ্গলবার দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মুখোশধারী একদল বিক্ষোভকারী দোকানপাট ও ব্যাংকগুলোতে ভাঙচুর চালিয়েছে। তবে এ সময় অন্য বিক্ষোভকারীরা তাদের থামানোর চেষ্টা করে।

ব্রাজিলে গণপরিবহনের ক্রমবর্ধমান ভাড়া বৃদ্ধি ও ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজনের ব্যয় নিয়ে চলতি মাসের শুরুর দিকে দেশটিতে বিক্ষোভের সূত্রপাত ঘটে। তবে সম্প্রতি শিক্ষা, স্কুল ও যোগাযোগ খাতে উন্নয়নের বিষয়টিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে।

গতকাল ৫০ হাজারেরও বেশি মানুষ সাও পাওলো ক্যাথেড্রলের সামনে জড়ো হয়ে একটি মিছিল বের করে। সেখানকার মেয়রের কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা মেয়রের কার্যালয়ের ভেতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পাথর ছুড়ে ভবনের কাচের জানালা ভাঙচুর করে। শিক্ষার্থীরা ভবনের দরজা ভাঙার চেষ্টা করেন। এ সময় সাংবাদিকেরাও হামলার শিকার হন এবং একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি বিভিন্ন অফিস ও দোকানপাট লুটপাট করছে।

রিও ডি জেনিরোসহ অন্যান্য জায়গায়ও গতকাল বিক্ষোভ হয়েছে।

গত সোমবারের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কয়েকটি শহরের মেয়র গণপবিহনের ভাড়া কমানোর ঘোষণা দিয়েছেন। রিও ডি জেনিরো শহরের মেয়রও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জিউমা হুসেফ বলেছেন, দেশের উন্নয়নের দাবিতে বিক্ষোভের বিষয়টি নিয়ে গর্বিত তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘আমার সরকার পরিবর্তনের ডাক শুনতে পাচ্ছে। ব্রাজিল একটি শক্তিশালী দেশ হিসেবে জেগে উঠেছে। এই বিশাল মিছিলই প্রমাণ করে, আমাদের গণতন্ত্র কতটা শক্তিশালী।’

গণপরিবহনের ক্রমবর্ধমান ভাড়া এবং ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজনের ব্যয় নিয়ে সৃষ্ট ক্ষোভের জেরে গত সোমবার দেশটির বড় নগরগুলোতে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল বের হয়। সবচেয়ে বড় প্রতিবাদটি হয় রিও ডি জেনিরোতে। সেখানে এক লাখের মতো লোক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। রাজধানী ব্রাজিলিয়াতে বিক্ষোভকারীদের অনেকে জাতীয় কংগ্রেস ভবনের নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে ছাদে উঠে যায়। লাতিন আমেরিকার শীর্ষ অর্থনীতির দেশটিতে গত ২০ বছরের মধ্যে এটা সবচেয়ে বড় প্রতিবাদ-বিক্ষোভের ঘটনা।

এর সূত্রপাত ঘটে ২ জুন। এদিন সাও পাওলো নগরের গণপরিবহনের ভাড়া জনপ্রতি তিন রিয়াল (১২০ টাকার মতো) থেকে বাড়িয়ে ৩ দশমিক ২০ রিয়াল করা হয়। কর্তৃপক্ষ বলছে, মুদ্রাস্ফীতির তুলনায় বৃদ্ধি অনেক কম। ২০১১ সালের জানুয়ারি মাসে শেষ ভাড়া বাড়ানো হয়। সরকারি হিসাবে তখন থেকে দেশে মুদ্রাস্ফীতির হার ১৫ দশমিক ৫।

ব্রাজিল শিগগিরই বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে দেশের অনেকেই অভিযোগ করছে, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় না করে বিপুল অর্থের অপচয় করা হচ্ছে। এদিকে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সোমবার ১১টি শহরে বিক্ষোভ হয়। সাও পাওলোতে বিক্ষোভকারীরা ‘জনগণ জেগে উঠেছে’সহ বিভিন্ন স্লোগান দেয়। কর্মসূচি মূলত শান্তিপূর্ণ থাকলেও রিওতে বিক্ষোভকারীদের অনেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় পাঁচজন পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভকারীরা রাজ্য পরিষদ ভবনের বাইরে আগুন জ্বালিয়ে ভবনটির কিছু ক্ষতিও করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে।