ব্রাজিলে মাদক চোরাকারবারিদের শক্ত ঘাঁটি দখল করেছে যৌথ বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেছেন, তাঁরা রিও ডি জেনিরো নগরে মাদক চোরাকারবারিদের একটি শক্ত ঘাঁটি দখল করে নিয়েছেন। সাঁড়াশি অভিযান চালিয়ে সেখান থেকে বহু চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ টনের বেশি গাঁজা ও প্রায় ২০০ কেজি কোকেন।এক সপ্তাহ ধরে ব্রাজিলের নিরাপত্তা বাহিনী মাদকবিরোধী অভিযান চালায়। পাচারকারীরা কোণঠাসা হতে হতে শেষ পর্যন্ত কমপ্লেক্সে ডি আলেমাও নামে একটি বিশাল বস্তি এলাকায় আশ্রয় নেয়। মাদকচক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত ওই কমপ্লেক্সের মধ্যে বেশ কয়েকটি বস্তি রয়েছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ফ্যাভেলা ডা গ্রোটা বস্তিতে জড়ো হয় পাচারকারীরা। তাদের ধরতে শনিবার রাতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। মাঝেমধ্যে পাচারকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গোলাবিনিময় হলেও শেষ পর্যন্ত রোববার সকাল নাগাদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।পুলিশ বলেছে, বস্তির বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছে। গাঁজা ও কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালানের জন্য প্যাকেট করে তারা ওই সব বাড়িতে রেখেছিল। তারা বলেছে, এখনো বহু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। তারা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে এবং সুয়ারেজ বা এ ধরনের সুড়ঙ্গের মধ্য দিয়ে পালানোর চেষ্টা চালাচ্ছে।কর্মকর্তারা জানিয়েছেন, ওই কমপ্লেক্সে তাঁরা কুখ্যাত এক মাদক ব্যবসায়ীর একটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছেন। তিন তলাবিশিষ্ট ওই বাড়িতে সাওনা (বিশেষ ধরনের গোসলের ব্যবস্থা) ও ডিসকো পার্টির ব্যবস্থাসহ আনন্দফুর্তির সব আধুনিক ব্যবস্থা রয়েছে। রিও ডি জেনিরোর মিলিটারি পুলিশের প্রধান মারিও সেরগিও ডুয়ার্তে বলেছেন, ‘আমরা জিতেছি। আলেমাও এলাকার বাসিন্দাদের আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেছেন, তাঁরা এখনো সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। সন্ত্রাসীরা তাঁদের কোনো ফাঁদে ফেলার মতলব এঁটে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন। শহরের মেয়র ইডুয়ার্ডো প্যায়েস বলেছেন, পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের শহরকে ফিরিয়ে দিচ্ছে।ওই এলাকা এত দিন মাদক পাচারকারীরা দখল করে রেখেছিল। তাদের ভয়ে সাধারণ শান্তিপ্রিয় লোক সেখানে যেতে সাহস পেত না।তাদের মূলোৎপাটন করতে সরকার যে অভিযান চালায়, তাতে এ পর্যন্ত ৫০ জনের বেশি লোক নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই মাদকচক্রের নেতা ও সদস্য।ফ্যাভেলা ডা গ্রোটা বস্তিতে পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় দুই হাজার ৬০০ সেনা ১০টি সাঁজোয়া যান ও দুটি হেলিকপ্টার নিয়ে অভিযান চালায়।২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল ও ২০১৬ সালের অলিম্পিক গেমস ব্রাজিলে অনুষ্ঠিত হবে। সেদিকে লক্ষ রেখে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্যই দেশটিতে এ অভিযান চালানো হয়েছে। এএফপি ও বিবিসি অনলাইন।