ব্রাজিলে শেভরনের কূপ খননের ওপর সাময়িক নিষেধাজ্ঞা
ব্রাজিলে মার্কিন কোম্পানি শেভরনের কূপ খননের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার ব্রাজিলের কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করে।দ্য ন্যাশনাল পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) বোর্ড বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, দক্ষিণ-পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে দুই হাজার ৬০০ ব্যারেলের বেশি তেল নিঃসরণের কারণ নির্ধারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত না করা পর্যন্ত শেভরনের খনন কার্যক্রম স্থগিত থাকবে।তেল নিঃসরণের ঘটনায় শেভরন দুঃখ প্রকাশ করেছে। ওই ঘটনায় শেভরনকে দুই কোটি ৮০ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিল।ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইজাবেলা টেইজেইরা বলেন, তেল নিঃসরণের ঘটনা তদন্তে যদি আরও আইন লঙ্ঘনের ঘটনা উদ্ঘাটিত হয়, তাহলে শেভরনকে আরও জরিমানা করা হতে পারে।এরই মধ্যে ফ্রেড তেলক্ষেত্রে একটি গভীর কূপ খননের জন্য শেভরনের অনুরোধ নাকচ করে দিয়েছে এএনপি।ব্রাজিলে শেভরনের প্রধান জর্জ বাক তেল নিঃসরণের ঘটনায় দুঃখ প্রকাশ করতে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষে হাজির হন। তিনি বলেন, তাঁদের কোম্পানি ব্রাজিল ও ব্রাজিলের মানুষ, আইন ও প্রতিষ্ঠানকে সম্মান করে।জর্জ বাক বলেন, ‘আমরা দুর্ঘটনার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে যাচ্ছি। তদন্তের ফলাফল ব্রাজিলের মানুষের সামনে উপস্থাপন করা হবে।’ব্রাজিলের কর্তৃপক্ষ বলেছে, তেল নিঃসরণ এখন নিয়ন্ত্রণে আছে। নিঃসৃত তেলের আস্তরণ দুই বর্গকিলোমিটারের মধ্যে আনা হয়েছে। বিবিসি অনলাইন।