ব্রাজিলে সংস্কারের পর নতুনরূপে ক্রাইস্ট দ্য রিডিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে স্থাপিত যিশুখ্রিষ্টের বিখ্যাত মূর্তি ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ সংস্কারের পর বুধবার পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয়েছে। এটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ ডলার। প্রায় ১০০ শ্রমিক নিয়োজিত ছিল এর সংস্কারকাজে। এতে অর্থায়ন করেছে ব্রাজিলের বিখ্যাত খনি কোম্পানি ভ্যালে ও রিও ডি জেনিরোর কয়েকটি রোমান ক্যাথলিক গির্জা।মূর্তিটি প্রথম যখন নির্মাণ করা হয়, সেই পাথরের সঙ্গে মিল রেখে একই মানের ৬০ হাজার টুকরোর বেশি পাথর ব্যবহার করা হয় সংস্কারকাজে। মূর্তিটি যখন উন্মোচন করা হয়, তখন বিশ্বকাপে খেলতে থাকা ব্রাজিলের ফুটবল দলের সম্মানে সবুজ ও হলুদ আলো জ্বালানো হয়। এ সময় আর্চবিশপ ওরানি জোয়াও তেমপেস্তা বলেন, কেবল রিও ডি জেনিরোর জন্যই নয়, গোটা ব্রাজিলের জন্য এটি এক সুন্দর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রকল্পের স্থপতি মার্সিয়া ব্রাগা বলেন, সংস্কারকাজে সবচেয়ে কঠিন জিনিসটি ছিল সঠিক রঙের পাথর খুঁজে পাওয়া। ১২৫ ফুট (৩৮ মিটার) উঁচু এই মূর্তি পরিদর্শনে প্রতি বছর প্রায় ২০ লাখ পর্যটকের সমাগম ঘটে। প্রায় ৮০ বছর ধরে এটি রিও ডি জেনিরোর বুকে দাঁড়িয়ে আছে। কালের আবর্তনে মূর্তিটি জীর্ণ হয়ে কাঠামোর বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। বৃষ্টির পানিতেও এটি ক্ষতিগ্রস্ত হয়। এসব ফাটল মেরামত করে মূর্তিটিকে ঝকঝকে রূপে ফিরিয়ে আনতে শ্রমিকদের পুরো চার মাস সময় লেগেছে। বিবিসি।